অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মুশফিক!

মুশফিকুর রহিম, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, মুশফিকের খেলার ব্যাপারে এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পারিবারিক কারণে মুশফিক জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসার পর অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে জটিলতা তৈরি হয়। বিসিবির পক্ষ থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছিল, শুধুমাত্র মুশফিকের জন্য কোয়ারেন্টিনে ছাড় দেওয়া যায় কিনা। কিন্তু জবাবে পরিস্কার ‘না’ বলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবারের সফরের জন্য বাংলাদেশক কঠিন শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১০ দিন কোয়ারেন্টিন শেষে সবাইকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। জিম্বাবুয়েতে বাংলাদেশ দল যেহেতু জৈব সুরক্ষাবলয়েই আছে, তাই তাদের হারারে থেকে ফিরে কোয়ারেন্টিন করতে হবে না। মুশফিকের সামনে সেই সুযোগ না থাকায় ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।



