স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপজয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহাদ্বৈরথ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু উপস্থিতিই নয়, এবারের বিশ্বজয়ীদের জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক অভিনব উপহারের ঘোষণা দিয়েছে।

রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল শেষে ট্রফি জয়ী দলের হাতে ট্রাম্পের উপস্থিতিতে তুলে দেয়া হবে বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ রিং’ বা বিশ্বজয়ী আংটি। খবর বিবিসির।

আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে (যেমন এনএফএল-এর সুপার বোল) বিজয়ী দলকে আংটি দেয়ার দীর্ঘ ঐতিহ্য থাকলেও, ফুটবল বিশ্বকাপে এমন উদ্যোগ এবারই প্রথম। চ্যাম্পিয়ন দলের জন্য ৩০টি বিশেষ আংটি তৈরি করা হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য আরও ১,৯৯৬টি আংটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি আংটির নকশায় থাকবে একটি ক্ষুদ্র বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের ভেতরের অংশে থাকবে বিশেষ খোদাই।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে ট্রাম্পের আসার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। এর আগে যুক্তরাষ্ট্র দল শেষ ১৬-তে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়ার ম্যাচসহ টুর্নামেন্টের ১০২টি ম্যাচের একটিতেও ট্রাম্প উপস্থিত ছিলেন না। তবে এবার সরাসরি ফাইনালের ট্রফি তুলে দিতে মাঠে হাজির হচ্ছেন তিনি।

চলতি বিশ্বকাপে জিয়ান্নি ইনফান্তিনো এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্ক নিয়ে ফুটবল বিশ্বে কম বিতর্ক হয়নি। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য ইনফান্তিনোকে সরাসরি ফোন করেছিলেন ট্রাম্প।

পরবর্তীতে ফিফা বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা হয়। যদিও নিষেধাজ্ঞা থেকে বেঁচে নকআউট পর্বে বেলজিয়ামের মুখোমুখি হয়েও ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। ফ্রান্স ও ইংল্যান্ডও তাদের খেলোয়াড়দের কার্ড পর্যালোচনার আপিল করলেও ফিফা তা নাকচ করে দেয়।

এদিকে, কানাডার দাবানলের কারণে নিউইয়র্কের বায়ুর মান নিয়ে আবহাওয়া সতর্কবার্তা থাকলেও মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে এর কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। আগামী শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড এবং রোববারের মেগা ফাইনালে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।

নিউজ নাউ বাংলা/ কেএ/ জেডআরসি/ ১৮ জুলাই ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button