ইকোবিজ

‘সবুজ’ কারখানার স্বীকৃতি পেল আরও দুই গার্মেন্টস

বাংলাদেশের আরও দু’টি পোশাক তৈরির প্রতিষ্ঠানকে (গার্মেন্টস) সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। নতুন করে স্বীকৃতি পাওয়া এ দুটি কারখানার মধ্যে গাজীপুরের আমান টেক্সটাইল লি. পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর আয়েশা ফ্যাশন লি. গোল্ড রেটিং।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর গাজীপুরের আমান টেক্সটাইলকে সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। প্রতিষ্ঠানটিকে তারা ৮৯ পয়েন্ট দিয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আয়েশা ফ্যাশন লিমিটেডকেও সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা এই প্রতিষ্ঠানটিকে দিয়েছে ৬৪ পয়েন্ট। এই স্বীকৃতির মধ্য দিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ।

বর্তমানে সবুজ পোশাক কারখানার তালিকায় বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয়। দেশের ৫৪টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button