বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য: রাষ্ট্রপতি

কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে যাতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, দুর্গাপূজায় আমরা অবশ্যই আনন্দ উৎসব করবো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়।

মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, এজন্য কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে সামনের দিনগুলোতে ধর্মীয় সব উৎসব আরও সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধন আরও সুসংহত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button