মমতার মহাকাব্যিক বিদায় না ফিরে আসার অপেক্ষা?
★ নিজের সাদামাটা জীবন যাপন দিয়ে তিনি দলের নেতাদের দুর্নীতি ঢাকতে চেয়েছিলেন, কিন্তু ২০২৬-এর ফলাফল বলছে—ব্যক্তিগত ক্যারিশমা আর একচ্ছত্র রক্ষাকবচ হিসেবে কাজ করেনি। শেষ পর্যন্ত মমতার দলীয় ভাবমূর্তিকে ব্যক্তিগত সততায় আড়ালে রাখতে পারেননি। ফলও পেলেন হাতেনাতে।

➤ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, তার থেকে মাত্র কয়েক মাইল দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের টালির চালের বাড়িতে বসে এক নজিরবিহীন দৃশ্যপট তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে বামপন্থীদের হঠানো ছিল তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি, পরাজয়ের দিনে তাঁদেরই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন তিনি। এই এক আহ্বান যেন মনে করিয়ে দিল শেক্সপিয়রীয় নাটকের সেই ক্লাইম্যাক্সকে, যেখানে চিরশত্রুরাও ভাগ্যের ফেরে এক কাতারে দাঁড়াতে বাধ্য হয়।
ইতিহাসের পূর্ণ বৃত্ত: ২০১১ বনাম ২০২৬
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটান, তখন সেটি ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক। প্রায় একার লড়াইয়ে একটি ক্যাডার-ভিত্তিক শক্তিশালী দলকে উপড়ে ফেলেছিলেন তিনি। অনেকটাই অসাধ্য সাধনের কাজ করেছিলেন মমতা ব্যানার্জি!
ঠিক ১৫ বছর পর, সেই ‘শত্রুর শত্রুকেই বন্ধু’ করার ডাক দিয়ে মমতা বুঝিয়ে দিলেন—রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বামপন্থীরা সেই ডাক প্রত্যাখ্যান করলেও, মমতার এই মরিয়া চেষ্টা তাঁর রাজনৈতিক পুনর্গঠনের লড়াইয়ের-ই ইঙ্গিত।
‘জায়ান্ট কিলার’ থেকে জননেত্রী: ফিরে দেখা ৫০ বছর
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা কোনো মসৃণ পথ ছিল না। এটি ছিল নিরন্তর সংঘাত আর সাহসের গল্প। ১৯৮৪ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যাদবপুর থেকে দেশের কনিষ্ঠতম সংসদ সদস্য হওয়া ছিল তাঁর উত্থানের প্রথম সোপান।
➤➤ ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন তাঁকে দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বাংলার মেঠোপথে নিয়ে আসে। সাধারণ কৃষকের সঙ্গে তাঁর যে ‘কানেক্ট’, সেটাই তাঁকে ২০১১-তে মহাকরণ দখলে সাহায্য করেছিল।
কিন্তু বিগত দেড় দশকে তিনি কৃষকদের থেকে ‘অনেকটা দূরে’ সরে গিয়েছিলেন। তিনিও শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে বসে শাসনভার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন! ফলাফল আজ সবার চোখের সামনে!

১৫ বছরের শাসন: সাফল্যের আলো ও দুর্নীতির ছায়া
মুখ্যমন্ত্রী হিসেবে মমতার ১৫ বছর ছিল বৈপরীত্যে ভরা। ‘কন্যাশ্রী’ থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’—দরিদ্র মানুষের ঘরে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিয়ে তিনি নিজের এক অপরাজেয় ভাবমূর্তি গড়েছিলেন।
বিশ্লেষকদের মতে, বিরোধী নেত্রী হিসেবে তিনি যতটা সফল ছিলেন, প্রশাসক হিসেবে শিল্পের অভাব এবং ক্রমবর্ধমান দুর্নীতির অভিযোগ তাঁকে ততটাই কোণঠাসা করেছে। এর ফলে তৃণমূল স্তরে থাকা তার সেই জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে।
নিজের সাদামাটা জীবন যাপন দিয়ে তিনি দলের নেতাদের দুর্নীতি ঢাকতে চেয়েছিলেন, কিন্তু ২০২৬-এর ফলাফল বলছে—ব্যক্তিগত ক্যারিশমা আর একচ্ছত্র রক্ষাকবচ হিসেবে কাজ করেনি। শেষ পর্যন্ত মমতার দলীয় ভাবমূর্তিকে ব্যক্তিগত সততায় আড়ালে রাখতে পারেননি। ফলও পেলেন হাতেনাতে।
শেষ নাকি নতুন শুরু?
প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত যেমনটা মনে করিয়ে দিয়েছেন, অটল বিহারী বাজপেয়ী বা প্রণব মুখোপাধ্যায়ের মতো নেতাদের রাজনীতিতে ‘খরচের খাতায়’ ফেলে দেওয়ার পর তাঁরা আবার ফিরে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনও ৪১ শতাংশ ভোট এবং উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক-সাংসদ রয়েছেন।
➤➤ ইতিহাস গড়ে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গের ইতিহাস বলে, এই রাজ্য একবার কাউকে প্রত্যাখ্যান করলে সহজে আর ফিরিয়ে নেয় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রীতিনীতি ভাঙতে অভ্যস্ত। তিনি কি পারবেন আবার ‘অগ্নিগর্ভা’ রূপে ফিরে আসতে, নাকি ২০২৬-এর এই পরাজয়ই তাঁর সুদীর্ঘ রাজনৈতিক মহাকাব্যের শেষ অনুচ্ছেদ হয়ে থাকবে? সময়-ই এর উত্তর দেবে।
‘রাজনীতি একটি লম্বা রেস—এখানে সংখ্যার বিচারে কাউকে হুট করে অপ্রাসঙ্গিক বলে দেওয়াটা বোকামি।’ – রন্তিদেব সেনগুপ্ত
সবচেয়ে ট্র্যাজিক বিষয় হলো, তার দলে ৪১ শতাংশ ভোটের রায় আছে, আছে উল্লেখযোগ্য সংখ্যক আসন। কিন্তু মমতা নিজে একটি আসনেও জিততে পারেননি।
আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তাঁর নিজের ‘পুনরাবিষ্কার’ করার ক্ষমতার ওপর। তিনি কি আবার সেই রাজপথের লড়াকু মমতা হয়ে উঠতে পারবেন? এই প্রশ্ন-ই এখন বাংলার অলিতে-গলিতে।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১১ মে ২০২৬



