ভারতে দুই প্রজাতির বাদুড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত

করোনা ভাইরাসটি কোন এক বন্যপ্রাণী থেকে এসেছে বলে ধারনা করেছিলেন চীনা গবেষকরা। প্রাথমিক ধারনায় তারা বলেছিলেন, বাদুড় থেকেই ভাইরাসটি এসেছে। কিন্ত এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারে নি। তবে সে ধারনা থেকেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বিজ্ঞানীরা ভারতীয় বাদুড়েরর ওপর একটি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
আইসিএমআরের গবেষকরা বলেছেন, তারা কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর দুই প্রজাতির বাদুড়ের মধ্যে ভিন্ন ধরনের এক করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ভারতীয় এই বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে খুঁজে পাওয়া এই ভাইরাসের নাম দিয়েছেন ব্যাট করোনাভাইরাস (বিটি-কোভ)।
এই গবেষক দলের সদস্য এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী ডা. প্রজ্ঞা ডি যাদব বলেছেন, এই ব্যাট করোনাভাইরাস মানব দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে কিনা, সেব্যাপারে এখনও কোনো প্রমাণ কিংবা গবেষণা নেই।
আইসিএমআরের বিজ্ঞানীদের করোনাভাইরাস নিয়ে নতুন এই গবেষণা ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চে প্রকাশিত হয়েছে।
আইসিএমআর সূত্রের খবর, যে বাদুড়গুলোর ওপর পরীক্ষা চালানো হয়, তা নির্দিষ্ট কোন অঞ্চল থেকে নয়। বরং সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞানীদের মতে, স্বাভাবিকভাবে বাদুড় বিভিন্ন ধরনের ভাইরাস বহন করে। যেগুলো পূর্ব পরিচিত। যেমন: রেবিজ, হেন্দ্রা, নিপা ও ইবোলা। এগুলো বেশিরভাগ-ই মানুষের জন্য খুবই ক্ষতিকারক। আবার সম্প্রতি বলা হচ্ছে, সার্স-সিওভি-২ করোনা ভাইরাস, যা কোভিড-১৯ রোগের জন্য দায়ী। তা-ও বাদুড় থেকে মানুষের মধ্যে এসেছে।
আইসিএমআরের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান ফ্লাইং ফক্সেসের ৫০৮টি নমুনা এবং রুসেটাসের ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারটি রুসেটাস এবং ২১টি ইন্ডিয়ান ফ্লাইং ফক্সেসের শরীরে ব্যাট-করোনা ভাইরাস (বিটি-সিওভি) মিলেছে।
আর এ কারণেই গবেষকরা নিশ্চিত করে বলতে পারছেন না, বাদুড় থেকেই মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে। কারণ বিটি-সিওভি ও মানব শরীরে মেলা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস-২ (সার্স-সিওভি-২) এর যে যোগসূত্র, তা নিয়ে সন্দেহে রয়েছেন গবেষকরা।

আইসিএমআরের মহামারি ও সংক্রমিত রোগ বিভাগের প্রধান গঙ্গাখেড়কর বলেছেন, বাদুড়ের দুই প্রজাতির মধ্যে যে করোনা ভাইরাস মিলেছে, তার মানুষকে সংক্রমিত করার ক্ষমতা নেই। বলা যেতে পারে, এক হাজার বছরে একবার হয়তো সেই ঘটনা ঘটে।
তবে চীনা গবেষকরা বলেছেন , যেকোনো মধ্যবর্তী প্রজাতির মাধ্যমে বাদুড় থেকে মানব শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।



