১০ টাকায় চাল; আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ১০ টাকা কেজির চাল দেওয়ার জন্য আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১০ টাকায় চাল দিতে ৫০ লাখ মানুষের রেশন কার্ড করা আছে। আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশ জ্বর হলো দেখে; ছেলে, ছেলে বউ, ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্য ন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে!’
এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এই ধরনের ঘটনা ঘটবে। এ রকম আরও বহু কাহিনী আমরা শুনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিভাবে একটা মানুষকে বের করে দেয়! একজন ডাক্তার অসুস্থ হলো তাকে এলাকা থেকে বের করে দিতে হবে! এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষতো এ রকম অমানবিক হওয়ার কথা না। এই বিষয়গুলো আমি সবার দৃষ্টিতে আনতে চাই।’
করোনা নিয়ে অমানবিক না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অমানবিক হওয়ার কোন যৌক্তিকতা নেই। কারো যদি সন্দেহ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান। নিজেরাও সুরক্ষিত হোন।’
‘আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সকল নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো যথাযথ ভাবে মেনে চলুন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘হায়াত-মওত আল্লাহর হাতে। যেকোন মানুষ যেকোনদিন মরতে পারে। আজকে আমি কথা বলছি এখানে বসেও মরতে পারি। বা যে কেউ মরতে পারে। এটা কেউ বলতে পারে যে আমি বেঁচেই থাকবো। একমাত্র আল্লাহ বলতে পারেন।’
‘ভাইরাস দেখা দিল, এ রকম একটা ভাইরাস এসে সারা বিশ্বকে এ রকম ঘর বন্দী করে ফেলবে। এটা কি কেউ ভেবেছে। সারা বিশ্বে অনেক শক্তিশালী দেশ, তাদের শক্তির দাপটে পৃথিবীর অস্থির। এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই যুদ্ধ, সংঘাত। অস্ত্রের মহড়া আমরা দেখেছি। সেই অস্ত্র, অর্থ কোন কাজে লাগে নাই, কোন কাজে লাগবে না, সেটাই প্রমাণ করে দিল এই করোনা ভাইরাস।’
শেখ হাসিনা সবাইকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কাজেই এইটুকু বলবো সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সাবধানে থাকতে হবে। তারমানে এই নয় যে অমানবিক আচারণ করতে হবে। সেটা আপনারা করবেন না।’



