বিশাল জয় পিএসজির মেসি-নেইমারের

ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুম বিশাল জয় দিয়ে শুরু করলো পিএসজি।
শনিবার রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা।
একাই জোড়া গোল করলেন লিওনেল মেসি; এছাড়া সতীর্থ নেইমার জুনিয়রকে দিয়ে করালেনও এক গোল। অন্যদিকে নেইমার নিজে আবার অবদান রাখলেন সতীর্থদের তিন গোলে। মেসি ও নেইমার ছাড়াও গোলের স্বাদ পেয়েছেন আশরাফ হাকিমি ও মার্কুইনোস।
মাত্র নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পাবলো সারাবিয়ার ক্রসে বল মেসির পায়ে পৌঁছায়। এরপর দারুণ ফ্লিকে বল নেইমারের দিকে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড; দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধের ৩৯তম মিনিটে ব্যবধান তিন গুণ করেন মার্কুইনোস। এবার নেইমারের ফ্রি-কিক থেকে পোস্টের সাত গজের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পিএসজি অধিনায়ক।
৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এবার লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। বাকি সময় ক্লেহমোঁ কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।



