বাংলাদেশ

পাহাড়পুরে মাদক ও চোরাচালানে চুনোপুঁটিরা ধরা পড়লেও আড়ালেই ‘মূল হোতারা’

◉ বিজয়নগর সীমান্তে চোরাচালানের স্বর্গরাজ্য

◉ আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ➤ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তঘেঁষা পাহাড়পুর ইউনিয়ন যেন মাদক ও চোরাকারবারিদের এক নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারতীয় পণ্য থেকে শুরু করে সর্বনাশা মাদক—সবকিছুরই অবাধ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকার ডজনাখানেক গ্রাম।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এক পাহাড়পুর ইউনিয়নেই মাদক কারবারের স্পট আছে অন্তত ২০টি। এই স্পটগুলো নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় মাদকসেবীরা। পুরো ইউনিয়নজুড়ে কমপক্ষে দেড়শত মাদক কারবারি রয়েছে। এই চক্রের সদস্যরাই ভারতীয় পণ্য চোরাচালান, হুন্ডির ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে।

সম্প্রতি মাদকবিরোধী অভিযানে ‘চুনোপুঁটি’ জুম্মান নামের এক ক্ষুদ্র কারবারি গ্রেপ্তার হলেও, আড়ালে থাকা মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা দিনের পর দিন নির্বিঘ্নে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন।

◉ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী: বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা

পুলিশ ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, পাহাড়পুর ইউনিয়নের ধোঁরানাল, বামুটিয়া, ছড়ারপাড়, চানপুর, জলিলপুর, খাডিংগা, মুকুন্দপুর, পাহাড়পুর, কামাল মুড়া, শেজামুড়া, শিয়ালউড়ি এবং ইগুরতলীর কিছু অংশ দিয়ে নিয়মিত মাদকের বড় চালান দেশে প্রবেশ করছে। এসব রুট ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় কৌশলে মাদক সরবরাহ করা হয়। এমনকি এই রুট দিয়ে মানবপাচারের মতো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

অভিযোগের তীর যাদের দিকে
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, এই বিশাল চোরাচালান চক্রের নেতৃত্ব দিচ্ছেন গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তি। যাদের মধ্যে রয়েছেন- ভিটিদাউদপুর গ্রামের শুক্কুর আলী, ধোঁরানাল গ্রামের দুলাল খন্দকার, টিটু খন্দকার এবং শিপন মিয়া।

অপরদিকে, কামাল মুড়া গ্রামের মাইনুল এবং শিপন মাদক কারবারি দেদার চালিয়ে যাচ্ছে। এ ছাড়া, বামুটিয়ার শাহ আলম, নজরপুরের সিরাজ এবং চাঁনপুরের আব্দুল হক মাদক কারবারি ও ভারতীয় পণ্যের চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত।

স্থানীয় সূত্রের দাবি, চোরাকারবারিতে জড়িত ব্যক্তিদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তবুও রহস্যজনক কারণে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে তাদের টিকিটিও ছোঁয়া যাচ্ছে না।

সম্প্রতি ভিটিদাউদপুর এলাকায় পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে জুম্মান নামের এক কারবারি গ্রেপ্তার হন। কিন্তু স্থানীয় সচেতন মহলের দাবি, জুম্মান শুধু একজন মাদকের বাহক বা চুনোপুঁটি মাত্র। যাদের ইশারায় এই সীমান্ত দিয়ে কোটি টাকার চোরাচালান হয়, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান ও কার্যকর অভিযান নেই।

◉ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন

সীমান্তবর্তী মাদকের এই ভয়াবহ বিস্তারে উদ্বিগ্ন পাহাড়পুর ইউনিয়নের সাধারণ মানুষ। তারা অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ নিউজ নাউ বাংলাকে বলেন, পুলিশ লাইন থেকে ১৫ জন অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে মাদকের বিরুদ্ধে সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর ইউনিয়নে অভিযান পরিচালনা করছি। এলাকা ঘুরে দেখা গেছে, অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা গা ঢাকা দিয়েছে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ‌০২ জুলাই ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button