বাংলাদেশ

সড়কে শৃঙ্খলায় ১১১ দফা বাস্তবায়নে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে কোনও বাধা নেই ।

বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দফা বাস্তবায়নে কোনও বাধা নেই। এখানে মালিক-শ্রমিক সবাই আছে। এখানে বাধা বলে কিছু নেই। আমরা আমাদের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি।’

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত ৪টি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এখন আমরা ১১১ দফা সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়নে যাবো। আলোচনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সভায় এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে যা যা করা প্রয়োজন সে জায়গায় আমরা যাবো। এখন আমাদের কাজ হলো, যারা এগুলো বাস্তবায়ন করবে তাদের সুপারিশ করবো। তারা যেন বাস্তবায়নের কাজে এগিয়ে যান। পাশাপাশি সে কাজে কী কী অসুবিধা হতে পারে সেটা আগামী সভায় আলোচনা হবে।’

কীভাবে বাস্তবায়নে যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সভায় যে প্রস্তাবগুলো এসেছে সেগুলোর কোনটি স্বল্পমেয়াদি, কোনটি মধ্য ও দীর্ঘমেয়াদি তা নিয়ে আলোচনা করেছি। বিস্তারিতভাবে কাজ করার জন্য চারটি কমিটি রয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এ পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তার অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বসে নেই, কোভিডের জন্য ধীরগতিতে আছি।’

 

Related Articles

Leave a Reply

Back to top button