বাংলাদেশ

ড্রেন-রাস্তায় বর্জ্য ফেললে ২ বছর কারাদণ্ড

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রেন বা পানিতে বর্জ্য ফেললে বা খোলা জায়গায় বর্জ্য পোড়ালে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ করেছে সরকার।

ড্রেন ও খোলা স্থানে বর্জ্য ফেলা বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে।

বিধিমালায় বর্জ্য সৃজনকারী এবং ব্যবহারকারীর দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব, পণ্য প্রস্তুতকারক বা আমদানিকারকের দায়িত্ব, স্থানীয় সরকার কর্তৃপক্ষের দায়িত্ব ও অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে।

উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্বের (ইপিআর) আওতায় জৈবিকভাবে অপচনশীল পণ্যের প্রস্তুতকারী বা আমদানিকারকদের বর্জ্য নিঃশেষ (ডিসপোজ) বা পুনরায় ব্যবহার উপযোগী করার (রিসাইক্লিং) ক্ষেত্রে সরকারের সঙ্গে যৌথভাবে অংশ নিতে হবে। বিধিমালা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থায়নসহ প্রয়োজনে জনবলও দিতে হবে প্রস্তুতকারীদের।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনুবিভাগ) কেয়া খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনার কাজটি মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। তবে বর্জ্য ব্যবস্থাপনায় বিধিমালা করা হয়েছে।

এই বিধিমালা বাস্তবায়ন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনুবিভাগ) কেয়া খান।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button