জয়নাল হাজারীর দাফন সম্পন্ন

মুজিব উদ্যানে শায়িত হলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন হাজারী।
মঙ্গলবার সন্ধ্যায় বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন হয়। শহরের মাস্টারপাড়ায় মরহুমের ইচ্ছানুযায়ী নিজ বাড়ির আঙ্গিনায় মুজিব উদ্যানে তাকে দাফন করা হয়।
ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ফেনী পাইলট হাইস্কুল মাঠে নেওয়া হয় হাজারীর মরদেহ। সেখানে বিকেল সাড়ে ৪টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুজিব উদ্যানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, মুজিব রণাঙ্গনের অকুতোভয় সিপাহসালার জয়নাল হাজারী। মন্ত্রী-এমপি অনেকে হতে পারে কিন্তু সবাই গণমানুষের নেতা হতে পারেন না।
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জয়নাল আবেদীন ভিপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এর আগে সকাল ১০টার দিকে রাজধানীতে বায়তুল মোকাররমে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে রাজধানীর ল্যাব হাসপাতালে জয়নাল আবেদীন হাজারী মৃতবরণ করেন। একাধিক শারিরীক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
৯৪৫ সালের ২৪ আগস্ট নানা হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে জয়নাল হাজারীর জন্ম। হাবিবুল্লাহ একজন নামকরা পণ্ডিত ছিলেন। জয়নাল হাজারীর বাবার নাম গণি হাজারী আর মায়ের নাম রিজিয়া বেগম। জয়নাল হাজারী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
নানা কারণে সারা দেশে আলোচিত নেতা জয়নাল হাজারী ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বির্তকিত কর্মকাণ্ডের জন্য ২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়।



