বিশ্ব

আবারো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন ৭২ বছর বয়সী পর্তুগীজ রাজনীতিবিদ অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার রুদ্ধদ্বার এক সংক্ষিপ্ত বৈঠকে নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে জাতিসংঘের মহাসচিবের পদে রাখতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ও সংস্থাটিতে নিয়োজিত এস্তোনিয়ার রাষ্ট্রদূত ভেন জার্গেনসন এসব তথ্য জানিয়েছেন।

নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করা হয়। এবার শুধু আগামী ১৮ জুন সাধারণ পরিষদ অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। মূলত নিরাপত্তা পরিষদের সুপারিশই সবসময় পালন করে সাধারণ পরিষদ। ফলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যক্রম। জাতিসংঘ মহাসচিব পদটির মেয়াদ পাঁচ বছর।

অন্য আরও ১০ জন বিশ্বের শীর্ষ এই সংস্থার মহাসচিবের পদে আসতে চেয়েছিলেন। কিন্তু সংস্থাটির ১৯৩ সদস্য রাষ্ট্রের কেউই তাদের সমর্থন না জানানোয় তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থী হতে পারেননি।

বান কি মুনের পর ২০১৭ সাল থেকে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের দায়ীত্ব পালন করে আসছেন। ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস। এছাড়াও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button