করোনা উৎপত্তিতে চীন দায়ী থাকলে কঠিন পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী করোনার বিস্তারে চীনকে দায়ী করেছেন। সেই সঙ্গে এ বিষয়ে হুঁশিয়ারিও দিলেন চীনকে ।
প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় বেইজিংয়ের কৌশলের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘চীনে করোনা ভাইরাস মহামারি হওয়ার আগেই থেমে যেতে পারতো। কিন্তু সেখানে তা হয়নি। এখন গোটা বিশ্ব ভুগছে।’
চীনকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের অভিযোগ যদি ভুল হয় তবে তো ভুলই। কিন্তু করোনা ভাইরাসের উৎপত্তি ও বিস্তারে যদি চীন দায়ী থাকে তবে নিশ্চিতভাবেই তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
কদিন আগেই উহানের বাইরোলজিক্যাল ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থা তদন্তও চালাচ্ছে। তবে চীনের পক্ষ থেকে এমন অভিযোগ শুরুতেই নাকচ করা হয়েছে।



