বাংলাদেশ

২১ আগস্ট হামলার রাতেই ৪ জনকে বিদেশে পাঠান খালেদা: প্রধানমন্ত্রী

২১ আগস্ট ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় আবারও তৎকালীন বিএনপি-জামায়াত জোর সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘এটি সরকারের সহযোগিতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল।’

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি আলোচনা সভায় যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘এখানে একজন কারারক্ষী জড়িত ছিল। হামলার দিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন।’

তিনি বলেন, ‘শোনা যায়, বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। তারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন শুনেছে আমি বেঁচে গেছি, তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বারবার আমার ওপর হামলা হয়েছে। আমি বেঁচে আছি। হয়তো আল্লাহ কোনও কাজ শেষ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

এদিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button