ডাক বিভাগের সেই ডিজির বরখাস্ত চেয়ে আইনি নোটিশ

ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে (এসএস ভদ্র), করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করায়, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠান।
নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদীদের ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটি গঠন করে ওই ঘটনার তদন্ত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআর’র পরিচালককে ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।
আরও বলা হয়, ‘বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১২ আগস্ট আইইডিসিআর করোনা পরীক্ষার জন্য এসএস ভদ্রের নমুনা সংগ্রহ করে এবং ১৩ আগস্ট সন্ধ্যায় ওই রিপোর্ট তাকে প্রদান করে। যে রিপোর্ট অনুযায়ী তার করোনা পজিটিভ ছিল। কিন্তু ওই রিপোর্টের তথ্য গোপন করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছেন। যা বেআইনি শুধু নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি বহন করে।’
নোটিশে বলা হয়, ‘বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। এসব বিষয় উল্লেখ করে এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য এবং এসএস ভদ্রকে ২০১৮ সালের আইন অনুযায়ী বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়ার অনুরোধ করা হলো। একইসঙ্গে তদন্ত চলাকালীন সময়ে তাকে তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো চিহ্নিত করে সংস্কারের জন্য অনুরোধ করা হলো।’



