রাজনীতির হাওয়া বদলে যেতে পারে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন রাজনীতির হাওয়া যেকোনও সময় বদলে যেতে পারে ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ছাত্রলীগের গণধর্ষণ এবং খাগড়াছড়িতে পাহাড়ী নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বলবো, দেখুন কখন যে রাজনীতির হাওয়া বদলে যায়। রাজনীতির হাওয়া কিন্তু ডেকেশুনে আসে না। আবহাওয়ার যেমন নিশ্চয়তা নাই সকালে রোদ বিকেলে বৃষ্টি, রাজনীতির হাওয়াও কিন্তু যেকোনও সময় বদলে যেতে পারে। সেই দিনের কথা চিন্তা করুন। আজকে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন এর কিন্তু প্রতিশোধ জনগণ একদিন ঠিকই নেবে।’
রিজভী বলেন, ‘সরকার তার অনাচারগুলো ঢাকার জন্য আর তাদের এই হালুয়া-রুটির সামান্য কিছু ভাগ পাওয়ার জন্য কিছু সাংস্কৃতিক পরজীবীরা একটি নাটক করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। বিকৃত রুচিসম্পন্ন একটি নাটক গতকাল আরটিভিতে প্রচারিত হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি।
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নিজেদের মনের মতো করে সাজানো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কতদিন নিজেদের নিরাপদ রাখবেন। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে রিকশাওয়ালা, শ্রমিক, ছাত্র-শিক্ষক আছে। এদের শক্তিতেই আমরা চলি। এই ইনডিমিনিটি নামের যে নাটকটি রচনা করা হয়েছে এটা একটি মিথ্যাচারের নাটক, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কেন কারাগারে নেয়া হয়েছে। কেন সাজা দেয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন সাজা দেয়া হয়েছে। কারণ, শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করতে চান যেখানে তাঁর দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যখন মন চাইবে নারীদের সম্ভ্রম হরণ করবে।
‘বিএনপি ষড়যন্ত্রের চোরাবালি দিয়ে ক্ষমতায় আসার জন্য অলিগলিতে পথ খুঁজছে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, অলিগলিতে ঘুরে বেড়ায় যারা নারীর সম্ভ্রমহানি করে যারা ধর্ষক যারা টাকা পাচারকারী। আর এরা সবাই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, এরা হয় এমপিরা নয়তো ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। কাদের সাহেব, অলিগলি আপনারা চেনেন। আমরা চিনি রাজপথ।



