Leadইকোবিজ

বিদেশি বিনিয়োগে তলানিতে বাংলাদেশ

★ আঙ্কটাডের প্রতিবেদন

➤ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের এফডিআই স্টক (এখন পর্যন্ত মোট যত বিদেশি বিনিয়োগ আছে) ১৩ গুণ, ইন্দোনেশিয়ার প্রায় ১৭ গুণ ও কম্বোডিয়ার প্রায় ৩ গুণ বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ‌‌‌‌‌‘আঙ্কটাড ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেনটেশন রিপোর্ট ফর বাংলাদেশ’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে যেখানে বাংলাদেশের এফডিআই স্টক ছিল ১ হাজার ৮২৯ দশমিক ৪ কোটি ডলার। সেখানে ভিয়েতনামের এফডিআই স্টক ছিল ২৪ হাজার ৯১৪ দশমিক ১ কোটি ডলার। একই কম্বোডিয়ার ছিল ৫ হাজার ২৬৬ দশমিক ৭ কোটি ডলার ও ইন্দোনেশিয়ার স্টক ছিল ৩০ হাজার ৫৬৬ দশমিক ৬ কোটি ডলার।

এফডিআই স্টক কম হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এফডিআইয়ের প্রবাহও কম। নানা কারণে বাংলাদেশ এই দেশগুলোর তুলনায় এতটা পিছিয়ে আছে।

➤➤ দেশি-বিদেশি ঋণের বোঝায় পিষ্ঠ সরকার

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশে এফডিআই এসেছিল ১৮০ কোটি ডলারের বেশি। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। ফলে কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের তুলনায়ও এফডিআইয়ের প্রবাহ কমে যায়। তবে এ সময়ে দেশে এফডিআই স্টক মোটামুটি স্থিতিশীল ছিল—প্রায় ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলারের কাছাকাছি।

এ সময় বিনিয়োগ কমে যাওয়ার পেছনে একাধিক কাঠামোগত ও অর্থনৈতিক কারণ ছিল। ২০২১ সাল থেকে মার্কিন ডলারের বিপরীতে টাকার প্রায় ৩৬ শতাংশ অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার সংকট আমদানি বিল পরিশোধে বিলম্ব সৃষ্টি করে। বিশেষ করে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা ও বিলম্ব শিল্প খাতের সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে।

ফলে বিনিয়োগকারীদের পরিচালন ব্যয় ও অনিশ্চয়তা বেড়ে যায়। পাশাপাশি ২০২৩-২৪ সময়ে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও পরিবর্তন আসে। একই সময়ে দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিক অসন্তোষের কারণে বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক পরিবেশ তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ থেকে কমে ৪ শতাংশে নেমে আসে। একই সময়ে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছায়। এসব কারণে সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।

➤➤ গুজব-আন্দোলনে অস্থির ব্যাংক খাত

তবে ২০২৫ সালের প্রাথমিক সূচকে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া গেছে। পুনর্বিনিয়োগকৃত আয় ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণের মাধ্যমে এফডিআইয়ের প্রবাহ আবার বাড়তে শুরু করেছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কিছুটা বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমছে—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে আইএমএফকে উদ্ধৃত করে বলা হয়েছে, সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরলে বিনিয়োগ পরিস্থিতি আবারও স্বাভাবিক ধারায় ফিরতে পারে।

ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে তিনটি করণীয়র কথা জানান। তিনি বলেন, প্রথমত, বাংলাদেশের পরবর্তী ধাপের উন্নয়নের জন্য সংস্কারের ইচ্ছার জায়গা থেকে সংস্কার বাস্তবায়নের দিকে যেতে হবে। বিনিয়োগকারীদের স্বচ্ছতা, পূর্বাভাস করতে পারার সুযোগ ও আস্থা প্রয়োজন। তাদের জানতে হবে, স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারের সব প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

দ্বিতীয়ত, বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য সংস্কার মানে কেবল আইন, নীতি বা প্রণোদনা নয় বরং সংস্কারের পরিকল্পনা, সমন্বয়, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বিনিয়োগ নীতি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিনিয়োগ কেবল বেসরকারি পুঁজি আকৃষ্ট করার বিষয় নয়।

➤➤ জ্বালানি সংকটে বিপর্যস্ত ১০ খাত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘২০১৩ সালে এফডিআইয়ের যে অবস্থা ছিল সেখান থেকে আমরা খুব বেশি এগোতে পারিনি। জিডিপির তুলনায় বিনিয়োগের হার একই রয়ে গেছে; বরং কিছুটা কমে গেছে। অর্থাৎ বিনিয়োগ বাড়াতে আমরা কাজ করছি কিন্তু তা থেকে তেমন কোনো ফল আসছে না।’

আশিক চৌধুরী আরও বলেন, ‘বিনিয়োগ বাড়াতে অনেক পরিকল্পনা করা হয়, অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন বের হয়, সেই প্রতিবেদনের সঙ্গে আমরা একমতও পোষণ করি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয় না। এই অবস্থা পরিবর্তনে গতি পরিবর্তন প্রয়োজন।’

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৮ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button