
➤ বিশ্বজুড়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং নিম্ন কার্বন নিঃসরণকারী নির্ভরযোগ্য জ্বালানির খোঁজে পারমাণবিক বিদ্যুৎ খাতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলছে।
গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য অনুযায়ী, বিদ্যমান ও পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রকে হটিয়ে বৈশ্বিক পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতায় শীর্ষস্থান দখল করবে চীন। ফলে বিশ্বব্যাপী জ্বালানি রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে এক নতুন সমীকরণ।
পারমাণবিক বিদ্যুতে প্রত্যাবর্তনের কারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ স্থিতিশীল করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই। ফুকুশিমা দুর্ঘটনার পর একসময় অনেক দেশ এই খাত থেকে সরে আসার পরিকল্পনা করেছিল।
কিন্তু বর্তমানে জীবাশ্ম জ্বালানির প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা এবং কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক চাপের কারণে অনেক দেশ পুনরায় পারমাণবিক শক্তিতে ফিরে যাচ্ছে।
শীর্ষ দেশগুলোর বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্যমতে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র নিচে তুলে ধরা হলো:
১. পরাশক্তিদের লড়াই: চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া
-
চীন: বর্তমান সক্ষমতায় (৬০.৯ গিগাওয়াট) তৃতীয় স্থানে থাকলেও ভবিষ্যৎ প্রকল্পের আকার সবচেয়ে বড়—প্রায় ১২৪.৯ গিগাওয়াট। সব প্রকল্প শেষ হলে মোট সক্ষমতা দাঁড়াবে ১৮৫.৮ গিগাওয়াটে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়; কার্বন নির্গমন নিয়ন্ত্রণ, আমদানিনির্ভরতা হ্রাস এবং প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক নেতৃত্ব নেওয়ার সুস্পষ্ট কৌশল।
-
যুক্তরাষ্ট্র: বর্তমানে ১০২.৫ গিগাওয়াট সক্ষমতা নিয়ে বিশ্বে শীর্ষে থাকলেও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা মাত্র ১৫.৪ গিগাওয়াট। পুরোনো রিঅ্যাক্টরের শক্তিশালী ভিত্তি থাকলেও নতুন বিনিয়োগে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ায় অচিরেই তারা শীর্ষস্থান হারাতে চলেছে।

-
রাশিয়া: বর্তমান সক্ষমতা ২৮.৬ গিগাওয়াট, ভবিষ্যৎ পরিকল্পনা ৩২.২ গিগাওয়াট। অর্থাৎ, বর্তমানের চেয়েও উৎপাদন দ্বিগুণের বেশি করার লক্ষ্য। নিজেদের চাহিদার পাশাপাশি প্রযুক্তি রপ্তানি এবং বিদেশে রিঅ্যাক্টর নির্মাণের (যেমন: বাংলাদেশের রূপপুর) মাধ্যমে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারই তাদের মূল নীতি।
২. স্থিতিশীল ও প্রযুক্তিগত শক্তি: ফ্রান্স, কানাডা ও দক্ষিণ কোরিয়া
-
ফ্রান্স: বর্তমান সক্ষমতা ৬৫.৭ গিগাওয়াট। ইউরোপের শীর্ষ পারমাণবিক শক্তি হলেও ভবিষ্যৎ পরিকল্পনা সীমিত (৯.৯ গিগাওয়াট)। তারা বড় ধরনের সম্প্রসারণের বদলে বিদ্যমান জ্বালানি অবকাঠামোর স্থিতিশীলতায় বিশ্বাসী।
-
দক্ষিণ কোরিয়া: বর্তমান সক্ষমতা ২৭.১ গিগাওয়াট, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলনামূলক সীমিত (৫.৬ গিগিওয়াট)। তবে তাদের উচ্চ প্রযুক্তিগত দক্ষতা রয়েছে এবং তারা পারমাণবিক প্রযুক্তি রপ্তানিতে মনোযোগী।
-
কানাডা: বর্তমান সক্ষমতা ১৪.৬ গিগাওয়াট, ভবিষ্যৎ পরিকল্পনা ২.৫ গিগাওয়াট। নতুন সম্প্রসারণের চেয়ে তারা পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং বর্তমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণে বেশি জোর দিচ্ছে।
৩. এশিয়ার উদীয়মান ও পুনরুদ্ধারকারী শক্তি: ভারত ও জাপান
-
ভারত: বর্তমান সক্ষমতা মাত্র ৮.২ গিগাওয়াট হলেও ভবিষ্যৎ লক্ষ্য বিশাল—৩১.৫ গিগাওয়াট। জীবাশ্ম জ্বালানির আমদানিনির্ভরতা কমাতে এবং বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধির চাহিদা মেটাতে তারা পারমাণবিক খাতে আগ্রাসী বিনিয়োগ করছে।
-
জাপান: ফুকুশিমা দুর্ঘটনার ধাক্কা সামলে ওঠার চেষ্টায় আছে দেশটি। বর্তমান সক্ষমতা ১৩.৩ গিগাওয়াট, ভবিষ্যৎ লক্ষ্য ৬.৬ গিগাওয়াট উৎপাদন বৃদ্ধি। জনমত ও নিরাপত্তাজনিত উদ্বেগ মাথায় রেখেই তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
৪. প্রতিকূলতা ও উচ্চাভিলাষ: ইউক্রেন ও উগান্ডা
-
ইউক্রেন: রাশিয়ার সঙ্গে যুদ্ধের ভয়াবহতার মাঝেও ১৩.৮ গিগাওয়াট সক্ষমতা নিয়ে টিকে আছে তারা। ভবিষ্যৎ পরিকল্পনা আরও ৮.৪ গিগাওয়াট বৃদ্ধি করা। বর্তমানে বিদ্যমান কেন্দ্রগুলোই তাদের জাতীয় জ্বালানি শক্তির মূল ভরসা।
-
উগান্ডা: বর্তমানে কোনো সক্ষমতা না থাকলেও ভবিষ্যতে একলাফে ১৮ গিগাওয়াট উৎপাদনের বিশাল এবং ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করছে। উন্নয়নশীল দেশ হিসেবে তারা প্রযুক্তিনির্ভর জ্বালানিতে বড় লাফ দিতে চায়, যদিও এর বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জিং।
- নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৭ এপ্রিল ২০২৬



