Leadবাংলাদেশ

জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

জঙ্গি হামলার শঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার(২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি বাড়ানো হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনার কথা জানান বেবিচক চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

নিরাপত্তা জোরদার করা ৮টি বিমানবন্দর হলো: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, কক্সবাজার বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেখানেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনায় সতর্কতা বাড়ানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৭ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button