Leadইকোবিজএনএনবি বিশেষ

কর্পোরেটের ছোঁয়ায় দেশে বড় হচ্ছে ই-বাইকের বাজার

★ খাত-সংশ্লিষ্টদের হিসাব অনুসারে, গত এক বছরেই অন্তত পাঁচটি বড় কোম্পানি এই খাতে নতুন করে বিনিয়োগ করেছে। বর্তমানে এই খাতে চলমান বিনিয়োগের পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

➤ দেশের রাস্তায় নীরবে কিন্তু দ্রুতগতিতে বড় পরিবর্তন ঘটে যাচ্ছে। নতুন সম্ভাবনাময় শিল্প হিসেবে আবির্ভূত হচ্ছে ইলেকট্রিক বাইক (ই-বাইক) ও ই-স্কুটার। ২ হাজার কোটি টাকারও বেশি নতুন বিনিয়োগ ও ক্রমবর্ধমান চাহিদায় ভর করে দ্রুত বিকশিত হচ্ছে খাতটি।

মাত্র কয়েক বছর আগের এই ক্ষুদ্র বাজারে এখন নাসির গ্রুপ, ওয়ালটন, প্রাণ-আরএফএল গ্রুপ, রানার অটোমোবাইলস ও আকিজ গ্রুপের মতো দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো বড় অংকের বিনিয়োগ করছে।

জ্বালানি তেলের উচ্চমূল্য, জীবনযাত্রার বাড়তি ব্যয়, যানজট ও পরিবেশবান্ধব পরিবহনের চাহিদার কারণে ই-বাইক এখন সাধারণ মানুষের কাছে বাস্তবসম্মত পছন্দ হয়ে উঠছে। সেইসঙ্গে এটি উৎপাদনকারীদের জন্য বড় ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।

খাত-সংশ্লিষ্টদের হিসাব অনুসারে, গত এক বছরেই অন্তত পাঁচটি বড় কোম্পানি এই খাতে নতুন করে বিনিয়োগ করেছে। বর্তমানে এই খাতে চলমান বিনিয়োগের পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

➤➤ এক রাতেই তেলের দামে বড় লাফ

একইসঙ্গে ই-বাইক আমদানির পরিমাণও কয়েকগুণ বেড়েছে, যা ক্রমবর্ধমান গ্রাহক চাহিদাকে তুলে ধরছে। মাত্র তিন বছর আগেও বাংলাদেশে মাসিক ই-বাইক বিক্রির পরিমাণ ছিল নগণ্য—১০০ ইউনিটের আশেপাশে। বর্তমানে সেটি কয়েক হাজার ইউনিটে পৌঁছেছে।

জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) তথ্য অনুযায়ী, গত তিন বছরে ই-বাইক আমদানি চারগুণ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে ২ হাজার ৪৪৬ ইউনিট ই-বাইক আমদানি হয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩ ইউনিটে। তবে খাত-সংশ্লিষ্টদের মতে, প্রকৃত বাজারের আকার এর চেয়েও অনেক বড়।

ক্রেতারা কেন ই-বাইকে ঝুঁকছেন
একটি পেট্রোলচালিত মোটরসাইকেলে সাধারণত জ্বালানি খরচ হয় কিলোমিটারে ২-৩ টাকা। সেখানে একটি ই-বাইকে এই খরচ মাত্র ৩০-৪০ পয়সা। এ ছাড়া এতে ইঞ্জিন অয়েলের ঝামেলা নেই, সার্ভিসিং খরচ কম এবং মাসে চার্জ দেওয়ার খরচ মাত্র ৩০০ থেকে ৫০০ টাকার মতো হতে পারে।

এক্সআইসির এইচআর কর্মকর্তা পলাশ আহমেদ সম্প্রতি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি জিহো এ৮ এসই ই-স্কুটার কিনেছেন। লিথিয়াম ব্যাটারিচালিত এই স্কুটার একবার ফুল চার্জ দিলে ১০৫-১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

তিনি বলেন, ‘জ্বালানির ঝামেলা এড়াতেই আমি ই-বাইক কিনেছি। এখন আর পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াতে হয় না। ঘরেই চার্জ দিই। জ্বালানি বা সার্ভিসিং খরচ বলতে গেলে নেই-ই, আর কোম্পানি তিন বছরের ওয়ারেন্টিও দিয়েছে।’

বিনিয়োগ বাড়িয়েছে বড় কোম্পানিগুলো
এ খাতে নতুন প্রবেশ করা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো নাসির গ্রুপ। তারা ইতিমধ্যে খাতটিতে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কোম্পানিটি ২০২৫ সালের নভেম্বরে পাঁচটি মডেলের ই-বাইক বাজারে এনেছে। এর মধ্যে দুটিতে গ্রাফিন ব্যাটারি ও তিনটিতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তারা অত্যন্ত জোরালো কৌশল গ্রহণ করেছে এবং ইতিমধ্যে ৪০টি জেলায় শোরুম স্থাপন করেছে।

➤➤ দেশি-বিদেশি ঋণের বোঝায় পিষ্ঠ সরকার

নাসির সিনট্যাক্স মোটরসের সুবাইল জানান, শুরুতে তারা দৈনিক প্রায় ৭০টি বাইক উৎপাদন করতেন। তবে এখন তারা এমন সক্ষমতার কারখানা তৈরি করেছেন, যেখানে চাহিদা অনুযায়ী উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব। তিনি আরও বলেন, ‘ইভি খাতে আমাদের মোট ৫০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য রয়েছে।’

প্রাণ-আরএফএল গ্রুপও তাদের রাইডো ই-স্কুটার ব্র্যান্ড নিয়ে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। কোম্পানিটি প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে তাদের হবিগঞ্জের কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

এই কারখানায় এখন মাসে প্রায় ৫০০ ইউনিট ই-স্কুটার তৈরি হচ্ছে। তবে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করলে মাসে ৩ হাজার ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, বর্তমান শুল্ক কাঠামো এখনও বড় চ্যালেঞ্জ, কারণ এর ফলে খুচরা বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এই খাতে শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। ২০২২ সালে তাকিওন ব্র্যান্ডের মাধ্যমে তারা দেশের প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত ই-বাইক বাজারে আনে। বর্তমানে বাজারের প্রায় ১৮ শতাংশ তাদের দখলে।

➤➤ জ্বালানি সংকটে বিপর্যস্ত ১০ খাত

ওয়ালটনের উৎপাদন ইকোসিস্টেমের মধ্যে রয়েছে অ্যাসেম্বলি লাইন, প্লাস্টিক মোল্ডিং, ডিজিটাল সিস্টেমের জন্য পিসিবি এসএমটি উৎপাদন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ও নিজস্ব ব্যাটারি উৎপাদন কারখানা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুল রহমান রাদ জানান, ওয়ালটন ১ লাখ ২০ হাজার বর্গফুটের একটি ডেডিকেটেড ই-বাইক কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। সেখানে বছরে ২০ হাজার ইউনিট বাইক উৎপাদন করা যাবে।

কয়েকশো কোটি টাকার এই বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৫০০-র বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তৌহিদুল আরও বলেন, ই-বাইক ব্যবহারের ফলে যাতায়াত খরচ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ফলে পরিবারগুলো খুব অল্প সময়ের মধ্যেই বাইকের ক্রয়মূল্য পুষিয়ে নিতে পারবে।

রানার ও আকিজের মধ্যে তীব্র প্রতিযোগিতা
দেশের মোটরসাইকেল বাজারের দীর্ঘদিনের পরিচিত প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসও তাদের ইভি কৌশলে গতি বাড়িয়েছে। ২০১২ সালে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে মোটরসাইকেল উৎপাদন শুরু করার পর ২০২৫ সাল থেকে চীনের ইয়াদি-র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ই-স্কুটার সংযোজন শুরু করে রানার।

এর কয়েক বছর আগেই অবশ্য তারা ই-ওয়েভ ব্র্যান্ডের অধীনে ই-বাইক বাজারে এনেছিল। ৭০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে থাকা রানারের ই-বাইকগুলো বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।

➤➤ ৩৯ ব্যাংকের সমন্বয়ে নতুন কোম্পানি, লক্ষ্য স্টার্টআপে অর্থায়ন

রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, কোম্পানিটি ময়মনসিংহের ভালুকার কারখানায় শুধু সংযোজন নয়, পূর্ণাঙ্গ উৎপাদনের পরিকল্পনাও করছে। অন্যদিকে আকিজ মোটরস ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ই-বাইক খাতে প্রবেশ করে।

বর্তমানে তারা গাজীপুরের কারখানায় সাতটি মডেলের ই-বাইক সংযোজন করছে। কোম্পানিটি মূলত প্রিমিয়াম সেগমেন্টের দিকে নজর দিচ্ছে। এ সেগমেন্টের অধিকাংশ মডেলের দাম ১ লাখ টাকার ওপরে।

আমদানি নির্ভরতা
স্থানীয়ভাবে সংযোজন বাড়লেও বাংলাদেশ এখনো আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। অধিকাংশ ই-বাইক চীন থেকে সরাসরি তৈরি অবস্থায় আসে। আর ২০-৩০ শতাংশ ই-বাইক এসকেডি বা সিকেডি কিট হিসেবে দেশে এনে সংযোজন করা হয়। বাজারের একটি বড় অংশ এখনো বিদেশি ব্র্যান্ডগুলোর দখলে।

ট্রানশন হোল্ডিংস ২০২২ সাল থেকে রেভু ব্র্যান্ডের ই-বাইক আমদানি করছে। বর্তমানে বাজারের প্রায় ২০ শতাংশ এই ব্র্যান্ডের দখলে। ব্র্যান্ডটি হাই-পারফরম্যান্স ই-বাইক মডেল সরবরাহ করে, যা একবার চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

এতে আছে অদলবদলযোগ্য লিথিয়াম ব্যাটারি ও এনএফসি স্মার্ট আনলকিং সিস্টেম। এ ছাড়া টেইলজি, সালিদা, আইমা ও এক্সপ্লয়েট-এর মতো চীনা ব্র্যান্ডগুলোও বাজারে শক্ত অবস্থানে রয়েছে।

চার্জিং ও নিবন্ধন এখনও বড় বাধা
শিল্প খাতের শীর্ষস্থানীয়রা বলেন, এই খাতের বিকাশে সবচেয়ে বড় বাধা হলো অপর্যাপ্ত চার্জিং অবকাঠামো ও জটিল নিবন্ধন প্রক্রিয়া। বর্তমানে বাংলাদেশে মাত্র ১১২টি পাবলিক চার্জিং স্টেশন রয়েছে; এর বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রামে। ফলে বড় শহরগুলোর বাইরে গন্তব্যে পৌঁছানোর আগে চার্জ শেষ হয়ে যাওয়ার শঙ্কা চালকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ।

নাসির সিনট্যাক্স মোটরসের সুবাইল বলেন, একজন চালক যদি বাসা থেকে পর্যাপ্ত চার্জ না নিয়ে বের হন এবং মাঝপথে চার্জ শেষ হয়ে যায়, তাহলে তার সামনে খুব একটা বিকল্প থাকে না। দেশে দ্রুত চার্জিং স্টেশন স্থাপন জরুরি। তা না হলে সম্ভাবনার এ খাত পিছিয়ে পড়বে।

ওয়ালটনের তৌহিদুল রহমান মনে করেন, ফাস্ট-চার্জিং ও ব্যাটারি-সোয়াপিং (অদলবদল) স্টেশনের দ্রুত বিস্তার ঘটলে এই খাতের প্রবৃদ্ধি নাটকীয়ভাবে বাড়বে। তা ছাড়া বিআরটিএতে ই-বাইক নিবন্ধনের জন্য কোনো আলাদা ডেস্ক নেই। ফলে ক্রেতাদের দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে এবং অনেক যানবাহন অনিবন্ধিত থেকে যাচ্ছে।

➤➤ বিরল খনিজের সন্ধান, পরাশক্তির চোখ এখন বাংলাদেশে

দেশের মোটরসাইকেল বাজারের বর্তমান আকার আনুমানিক ৭-৮ হাজার কোটি টাকার। এটি বছরে ১৬-১৭ শতাংশ হারে বাড়ছে। সহায়ক শিল্প নীতির কারণে এখন দেশে বিক্রি হওয়া মোটরসাইকেলের প্রায় ৯৯ শতাংশই স্থানীয়ভাবে উৎপাদিত বা সংযোজিত।

স্টেকহোল্ডাররা বলছেন, যদি নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়, চার্জিং অবকাঠামো বাড়ানো হয় ও শুল্ক নীতি অনুকূলে থাকে, তাহলে বাংলাদেশের ই-বাইক বাজার শিগগিরই দেশীয় উৎপাদন এবং শহুরে যাতায়াতের ক্ষেত্রে সাফল্যের একটি নতুন উদাহরণ হয়ে উঠবে।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৭ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button