বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা ইন্তেকাল করেছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে ।
বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার সকালে, যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ খলিফা।
প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ খলিফার মৃত্যুতে, এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতর বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে।



