বাংলাদেশ

বাস-লঞ্চের পর বাড়ছে ফেরি ভাড়াও

বাস ও লঞ্চের পর ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়াও বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে এ ভাড়া। এ ছাড়া একই সময়ে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের বর্ধিত ভাড়াও কার্যকর হবে।
বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে আমাদের (বিআইডব্লিউটিসি) ফেরি ও জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।
বিআইডব্লিউটিসি বর্তমানে ছয়টি রুটে ফেরিতে যানবাহন পারাপার করছে। রুটগুলোর মধ্যে রয়েছে- পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।
এ ছাড়া ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান ও বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলে সংস্থাটির বেশকিছু যাত্রীবাহী নৌযান। বর্তমানে সংস্থাটির বহরে শতাধিক ফেরি ও যাত্রীবাহী নৌযান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button