বাংলাদেশবিশ্ব

বাংলাদেশি ট্রলার ‘রানা’কে উদ্ধার করলো ভারতীয় কোস্টগার্ড

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন মাঝি-মাল্লাসহ কক্সবাজারের একটি মাছধরা ট্রলার গত ২৩ দিন ধরে নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।

ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, ৭ ডিসেম্বর রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এমন সময় দেশটির একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) একটি মাছ ধরার ট্রালার দেখতে পায়। এসময় তারা ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় কোস্টগার্ডের বিমান টহল দলের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ (আইসিজিএস) বরদে বার্তা পাঠানো হয়। বরদ জাহাজটি তখন অন্য একটি অপারেশনে নিয়োজিত ছিল। ঘটনা জানার পর বরদ দ্রুত এগিয়ে যায় বাংলাদেশি ট্রালারের দিকে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মঞ্জুর মাঝি, মোক্তার ট্রালারের মিস্ত্রি, আরিফ মাঝি, সাদ্দাম মাঝি, তাজুল মাঝি, জসিম মাঝি। এ ছাড়াও বাকিরা দিনমজুর হিসেবে যাওয়ায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এর আগে নিখোঁজ ট্রলার মালিক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নজির হোসেন কোম্পানীর ছেলে মো. মাসুদ রানা গত ৩ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে নিখোঁজ ফিশিং ট্রলার এফবি রানার মালিক মাসুদ রানা উল্লেখ করেন, ১৯ মাঝি-মাল্লা ও ১০ থেকে ১২ দিনের রসদ নিয়ে গত ১৫ নভেম্বর শহরের ফিশারিঘাট থেকে তার ট্রলারটি সাগরে রওয়ানা দেয়। কিন্তু ২৩ দিন পরও ট্রলার ও মাঝি-মাল্লাদের কোনো খোঁজ মিলছে না। তবে আজ রাতেই এলো সুখবর। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এই বিষয়টি এক ফেসবুক বার্তায় নিশ্চিত করেছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button