পরী’র রাজ্য বদলে হলো পদ্ম!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি নিজের ছেলের নাম ‘শাহীম মুহাম্মদ রাজ্যে’র পরিবর্তে রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত বলে জানিয়েছেন পরীমণি।
আগামী ১০ আগস্ট তার সন্তানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। সন্তানের প্রথম জন্মদিন ঘিরে পরীমনির উচ্ছ্বাস-আগ্রহের শেষ নেই। নানা পরিকল্পনা ও বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। তবে জন্মদিনের আগে ছেলের নাম বদলে ফেললেন নায়িকা।
গত কয়েকদিন ধরেই ছেলেকে ‘পদ্ম নামে ডাকছেন পরীমনি। ধারণা করা হচ্ছিল, হয়ত মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন তিনি।
এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’ আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরীমনি। লিখেছেন— ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন।
উল্লেখ্য, ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের সেই ভালোবাসার ঘর আলো করে আসে পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।



