দেশব্যাপী গণটিকাদান শুরু

শুরু হলো দেশব্যাপি করোনার গণটিকাদান কর্মসূচি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রথম দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে স্বাস্থ্য অধিদপ্তরের।
প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১০০৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে। যার মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীদের দল এসব কেন্দ্রে সরাসরি টিকাদানে নিয়োজিত থাকবে।
ধারাবাহিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি দল প্রস্তুত করা হয়েছে।
রবিবার সকাল সোয়া ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, “যারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের মোবাইলে আজ রাতের মধ্যেই এসএমএস চলে যাবে।”
তিনি বলেন, “টিকা ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশনা ছিল। আমরা চিন্তা করছি ৪ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিয়ে দেব।”
বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।



