
◉➤ টানা বর্ষণে আবারও চিরচেনা জলজটের দৃশ্যে ফিরেছে রাজধানী ঢাকা। রবিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি তলিয়ে গেছে পানির নিচে। সিটি কর্পোরেশনের শত কোটি টাকার ড্রেনেজ সংস্কার প্রকল্প এবং খাল উদ্ধারের নানা প্রতিশ্রুতি সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
সরেজমিনে রাজধানীর বসুমতী বাজার, বসুন্ধরা আবাসিক এলাকার একাংশ, মিরপুর ও নিকুঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাঁটুসমান পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানিতে সড়কের অসংখ্য খানাখন্দ ঢেকে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, চাকরিজীবী ও রিকশাচালকরা।
বসুমতী বাজার এলাকার প্রধান সড়ক থেকে ভেতরের গলিগুলো পুরোপুরি পানিমগ্ন। অনেক ব্যবসায়ী সকালে দোকান খুললেও ক্রেতা শূন্যতায় অলস সময় পার করছেন। স্থানীয় চা-দোকানি হাবিব হতাশা প্রকাশ করে বলেন, “সকালবেলা হাঁটু পানি পার হয়ে দোকান খুলতে হয়েছে। বেচাকেনা একেবারেই নেই। এই যে দেখেন, দোকান ফাঁকা। শুধু শুধু খুলে বসে আছি।”

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও অফিসগামী যাত্রীরা। বসুন্ধরা এলাকার রিকশাচালক মনির তার দৈনন্দিন সংগ্রামের চিত্র তুলে ধরে বলেন, “পেটের দায়ে বের হতে হয়, বৃষ্টি দেখে তো কেউ খেতে দেবে না। পুরো রাস্তায় জায়গায় জায়গায় গর্ত। প্রায়ই গর্তে রিকশা পড়ে চাকা ভেঙে যায়। যাত্রীরাও ব্যথা পায়, আমি নিজেও আহত হয়েছি।”
অন্যদিকে, কর্পোরেট চাকরিজীবী আবিদ হাসান জানান, জলাবদ্ধতার কারণে যাতায়াত খরচ ও ঝুঁকি—দুটিই বেড়েছে। তিনি বলেন, “অফিস তো আর বন্ধ থাকে না, তাই এই পানি ঠেলে যেতে হচ্ছে। কোথায় গর্ত আছে বোঝা যায় না বলে রিকশায় ওঠার সাহস পাচ্ছি না। তাছাড়া বৃষ্টির অজুহাতে রিকশার ভাড়াও এখন দুই-তিন গুণ বেশি।”
উন্নয়ন বাজেটের সুফল কোথায়?
নগরবাসীর অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত তদারকির অভাবেই প্রতি বছর বর্ষায় একই ভোগান্তির শিকার হতে হয় তাদের। বসুমতী বাজার এলাকার বাড়িওয়ালা হাফিজ উদ্দিন অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকলেও তা মেরামতে সিটি কর্পোরেশনের কোনো দৃশ্যমান বা কার্যকর উদ্যোগ নেই।

মিরপুর-১ এলাকার বাসিন্দা হাসিনা আক্তারের কণ্ঠেও ছিল একই ক্ষোভ। তিনি বলেন, ‘ছয় বছর ধরে মিরপুরে আছি। বারবার ভোট আসে, রাস্তা উঁচু করার আর ড্রেন ঠিক করার আশ্বাস পাই, কিন্তু বাস্তবে কোনো কাজ দেখি না। প্রতি বর্ষাতেই আমাদের এই দুর্ভোগ সহ্য করতে হয়।’
বিশেষজ্ঞদের মতে, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে পানি প্রবাহের পথ বন্ধ থাকা এবং প্রাকৃতিক জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই ঢাকা শহরের এই বেহাল দশা। ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশন ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেওয়ার পরও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় নগরবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
জলাবদ্ধতা নিরসনে সাময়িক প্রতিশ্রুতির বদলে একটি কার্যকর, সমন্বিত ও দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ১২ জুলাই ২০২৬



