Leadইকোবিজএনএনবি বিশেষ

৩ বছরে বন্ধ ২৫৬ কারখানা, কর্মহীন ১৯ হাজার শ্রমিক

◉ বহুমুখী সংকটে পোশাক খাত

◉➤ একদিকে বৈশ্বিক বাজারে চাহিদার পতন, অন্যদিকে দেশের অভ্যন্তরে তীব্র জ্বালানি সংকট ও রাজনৈতিক পটপরিবর্তনের ধাক্কা—সব মিলিয়ে এক জটিল সমীকরণে আটকে গেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের প্রধান এই ভরসাস্থলে এখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। গত তিন বছরে ২৫৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে গত ছয় মাসেই চাকরি হারিয়েছেন অন্তত ১৯ হাজার শ্রমিক।

নতুন কারখানা চালুর পরিসংখ্যান দিয়ে খাতসংশ্লিষ্টরা আশার কথা শোনালেও, বাস্তব চিত্র ভিন্ন। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সার্বিকভাবে পোশাক খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ১.৬৪ শতাংশ কমে ৩৮.৭০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বন্ধের তালিকায় পুরনো ও দাপুটে কারখানাও
কারখানা বন্ধের এই তালিকায় শুধু ছোট বা মাঝারি প্রতিষ্ঠান নয়, রয়েছে কয়েক দশক ধরে সুনামের সঙ্গে ব্যবসা করা অনেক বড় কারখানাও। লিথি গ্রুপের সফল কারখানা ‘অ্যাপারেল-২১’ সম্প্রতি বন্ধ হয়ে গেছে। চার বছর ধরে ক্রয়াদেশের ঘাটতি এবং সক্ষমতার পুরোটা ব্যবহার করতে না পারায় লোকসান সামলাতে ব্যর্থ হয়ে তারা এই পথে হেঁটেছে।

একই পরিণতি বরণ করেছে আল মুসলিম গ্রুপের কারখানা, যেখানে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক চাকরি হারিয়েছেন। বন্ধ হয়েছে গাজীপুরের ইউনিক ওয়াশিং অ্যান্ড ডায়িং ও ইউনিক ডিজাইনার্স-এর মতো প্রতিষ্ঠানও।

রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবও এই খাতে স্পষ্টভাবে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো এবং নাসা গ্রুপের শীর্ষ কর্তারা বর্তমানে কারাগারে। ব্যাংকগুলোর ঋণ সরবরাহ বন্ধ থাকায় তারল্য সংকটে এই দুই গ্রুপের বড় বড় কারখানার চাকাও আজ স্তব্ধ। বিজিএমইএ-এর হিসাবের বাইরে থাকা আরও শতাধিক সাব-কন্ট্রাক্ট কারখানা গত তিন বছরে বন্ধ হয়েছে, যাদের আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান-ই নেই।

নতুন কারখানার ফাঁকি ও কর্মসংস্থান সংকট
বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, গত ৩ বছর ২ মাসে পোশাক খাতে ২৫৬টি কারখানা বন্ধ হলেও নতুন চালু হয়েছে ৩২৩টি। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে বিজিএমইএ-তে সচল কারখানার সংখ্যা ২ হাজার ১২৭টিতে দাঁড়িয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, নতুন কারখানাগুলো রপ্তানি আয়ে বা কর্মসংস্থান সৃষ্টিতে দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারছে না।

বিজিএমইএ সভাপতি হাসান মাহমুদ খান বলেন, ‘গত ছয় মাসেই ১৯ হাজারের বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন। ব্যবসার উত্থান-পতন হবে, পুরনো কারখানা বন্ধ হয়ে নতুন উদ্যোক্তা আসবে—এটাই স্বাভাবিক। তবে এই নতুন কারখানাগুলো কর্মসংস্থানের ঘাটতি পূরণ করতে পারবে কি না, তা এখনই বলা কঠিন।’

রপ্তানির নিম্নমুখী গ্রাফ ও বৈশ্বিক প্রভাব
কোভিড-পরবর্তী সময়ে বিশ্বজুড়ে অর্থনীতি পুনরুদ্ধারের সময় বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও, বর্তমানে তা হোঁচট খাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপে পোশাক রপ্তানি ৩.২৯ শতাংশ কমে ১৯.০৬ বিলিয়ন ডলারে নেমেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসেই ইউরোপীয় ইউনিয়ন বিশ্ববাজার থেকে পোশাক কেনা ১০.৪২ শতাংশ কমিয়েছে, যেখানে বাংলাদেশ থেকে তাদের ক্রয় কমেছে ১৯.৩৩ শতাংশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বাজারে রপ্তানি সামান্য (যথাক্রমে ২.৬৩%, ০.৯১% ও ৩.২%) বাড়লেও তা সার্বিক পতন ঠেকাতে পারেনি।

বেসরকারি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়ালগের’ (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক নীতির কারণে বিশ্বব্যাপী যে অনিশ্চয়তা, তার প্রভাব আমাদের ওপর পড়েছে। তবে মূল সমস্যা হলো, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা ক্রমান্বয়ে কমছে। দেশে ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমার বদলে উল্টো বাড়ছে।’

নেপথ্যে অভ্যন্তরীণ অদক্ষতা ও জ্বালানি সংকট
বৈশ্বিক কারণের পাশাপাশি কারখানার নিজস্ব অদক্ষতা এবং সরকারের নীতিগত দুর্বলতাকেও দায়ী করছেন উদ্যোক্তারা। ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘অনেক কারখানা এখনো পুরনো প্রযুক্তি নিয়ে ব্যবসা করছে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে তাদের টিকে থাকা কঠিন।’

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, নিটিং ও টেক্সটাইল মিলিয়ে প্রতি মাসেই ৩-৪টি কারখানা বন্ধের খবর আসছে। তিনি বলেন, ‘মাঝারি ও ছোট কারখানাগুলোকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি।’

কারখানা বন্ধের কারণ ও প্রভাব নিয়ে বিজিএমইএ বর্তমানে একটি সমীক্ষা পরিচালনা করছে, যার ফল এই জুলাই মাসের মধ্যেই প্রকাশের কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যে সমীক্ষাটি আলোর মুখ দেখতে পারে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এখনই জ্বালানি সংকট ও তারল্য প্রবাহের সমাধান না হলে পোশাক খাতের এই ধস দেশের সামগ্রিক শিল্প খাত এবং জিডিপি প্রবৃদ্ধিকে আরও গভীর খাদের দিকে ঠেলে দেবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি ইতিমধ্যেই ২.৮৬ শতাংশে নেমে এসেছে, যা আগের বছর ছিল ৩.৭১ শতাংশ।

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ১২ জুলাই ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button