স্পোর্টেইনমেন্ট

দলের জন্য কেউ অপরিহার্য নয়: পাপন

সাকিব আল হাসান দেশের হয়ে না খেলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ ইস্যুতে এখন সরগরম ক্রিকেটাঙ্গন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার বলে দিয়েছেন, ‘কেউ দলে অপরিহার্য নয়।’

সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলেনে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে সোমবার খেলায়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাত করেন বিসিবি সভাপতি। এরপর বোর্ডের সদস্যদের নিয়ে সাম্প্রতিক ইস্যুতে আলোচনায় বসেন।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সাকিব নিউজিল্যান্ড সফরে যাচ্ছে না। এরপর শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্টে সিরিজি থেকেও ছুটি নিয়েছেন তিনি। এ দফায় তার ছুটির কারণ আইপিএলে খেলা। বিসিবি সভাপতি এ নিয়ে কথা বলতে গিয়ে অকপটে স্বীকার করেন, খেলোয়াড়দের কাছে বোর্ড জিম্মি থাকার কথা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা অস্বীকার করার কোনো পথ নেই। এর আগেও যে এমন কিছু হয়নি তা না। আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা কাউকে জোড় করে কোথাও পাঠাব না। যে খেলতে চায় না, খেলবে না। কেউ অপরিহার্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সকলেই খেলুক। কিন্তু কারো যদি জাতীয় দলের চেয়ে অন্য কোথাও যেতে ভালো লাগে, তাহলে তারা মুক্ত। আর এই বার্তাটা শুধু সাকিবের জন্য নই, সবার জন্যই।’

বিসিবি সভাপতি বলেছেন বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির বিভিন্ন বিষয় পুনর্গঠন করা হবে। কেন্দ্রীয় চুক্তিতে সই করার আগে খেলোয়াড়দের কাছ থেকে পরিষ্কার উত্তর চাওয়া হবে, তারা আসলে কোন ফরম্যাটে খেলতে চান। জাতীয় দলের ব্যস্ততা থাকলে সেই চুক্তিবদ্ধ ক্রিকেটাররা অন্য কোথাও খেলতে পারবেন না বলেও জানান বিসিবি সভাপতি।

Related Articles

Leave a Reply

Back to top button