Leadস্পোর্টেইনমেন্ট

টাকার অভাবে শুটিং হচ্ছে না অনুদানের সিনেমার!

◉ নির্মাতাদের অভিযোগের তীর মন্ত্রণালয়ের দিকে

➤➤ সরকারি অনুদানের সিনেমা নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এমনকি সময়মতো কাজ শেষ করতে না পারায় নির্মাতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের মতো নজিরও রয়েছে। তবে এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। উল্টো সরকারের কাছ থেকে সময়মতো অনুদানের টাকা না পাওয়ার কারণে আটকে আছে ২০২৪-২৫ অর্থবছরের একাধিক সিনেমার কাজ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছেন না নির্মাতারা। এই পরিস্থিতিতে শুটিং বন্ধ রেখেছেন তারা। চরম অনিশ্চয়তায় দিন পার করছেন অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

যে কারণে আটকে আছে সিনেমার কাজ
২০২৫ সালের জুলাইয়ে প্রজ্ঞাপন জারির পর, সেপ্টেম্বরে প্রথম কিস্তির ২০ শতাংশ অর্থ নির্মাতাদের প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী, প্রথম কিস্তির অর্থ পাওয়ার দুই মাসের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া, শুটিং শিডিউল, লোকেশনের অনুমতিপত্র এবং শিল্পী ও কলাকুশলীদের চুক্তিপত্রের অনুলিপি জমা দেওয়ার কথা।

শর্ত পূরণ করেও হতাশা
নির্মাতারা নিয়ম মেনে সমস্ত কাগজপত্র জমা দিলেও পরবর্তী ৫০ শতাংশ (দ্বিতীয় কিস্তি) অর্থ এখনো বুঝে পাননি। গত ডিসেম্বরে সচিবালয়ে ‘চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান’ কমিটির সামনে শুটিং পরিকল্পনার প্রেজেন্টেশন দেন নির্মাতারা। কমিটি সন্তোষ প্রকাশ করে এবং জাতীয় নির্বাচনের পর (ফেব্রুয়ারিতে) টাকা দেওয়ার আশ্বাস দিলেও, তা আজও বাস্তবায়ন হয়নি।

চিঠি দিয়েও উত্তর মেলেনি
কোনো খবর না পেয়ে গত ২৯ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর চিঠি দেন চার নির্মাতা—গোলাম সোহরাব দোদুল, আলভী আহমেদ, সিংখানু মারমা ও জগন্ময় পাল। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হন লাবিব নাজমুছ সাকিব, তানহা জাফরীন ও সৈয়দা নীলিমা দোলা। কিন্তু চিঠি দেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও কোনো উত্তর বা যোগাযোগ করা হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সিনেমার গল্প লেখককে ২ লাখ এবং চিত্রনাট্যকারকে ৩ লাখ টাকা উৎসাহ পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেটিও এখনো আটকে আছে। এর ফলে অনেক প্রযোজক সিনেমার শুটিং শুরু করেও মাঝপথে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন এবং নতুন করে শুটিংয়ের কোনো শিডিউলও চূড়ান্ত করতে পারছেন না।

◉ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে সেই পুরোনো বিতর্ক-ই সামনে আসছে

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাওয়া নির্মাতা গোলাম সোহরাব দোদুল এই স্থবিরতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, অক্টোবরের মধ্যে আমাদের দ্বিতীয় কিস্তির ৫০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। এরপর জানানো হয়, নির্বাচনের পর টাকা দেওয়া হবে। নির্বাচন চলে গেলেও কোনো খবর না পাওয়ায় আমরা বাধ্য হয়ে চিঠি পাঠাই।

কিন্তু কোনো সাড়া পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমা নির্মাণ শেষ করতে না পারলে মন্ত্রণালয় আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু সরকার যখন টাকা দিতে পারে না, তখন আমরা আসল কারণটি জানতে চাই। নিয়ম অনুযায়ী সবকিছু করার পরও আমাদের এভাবে উপেক্ষা করা অপমানের শামিল।

অনুদানের সিনেমা আটকে থাকায় গ্রেপ্তারের নজির
অতীতের পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, সরকার অনুদানের অর্থ বুঝিয়ে দিলেও দিনের পর দিন কাজ শেষ করতে পারেননি অনেক নির্মাতা। সতর্ক করার পরও কাজ শেষ না করায় বা অর্থ তছরুপের দায়ে মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য এবং প্রথম গ্রেপ্তারের ঘটনাটি ঘটে ২০২০ সালে।

কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘কাঁটা’র জন্য ২০২০ সালের ২৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন। ‘কাঁটা’ সিনেমাটি কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সিনেমাটি নির্মাণের জন্য ৩৫ লাখ টাকা সরকারি অনুদান পান টোকন ঠাকুর। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমাটি মুক্তির কথা থাকলেও, তিনি তথ্য মন্ত্রণালয় থেকে প্রথম ধাপে ১৩ লাখ টাকা তুলে নেওয়ার পর দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও সিনেমার কাজ শেষ করতে ব্যর্থ হন।

◉ ইতু সোমের কণ্ঠে ‌‘দয়াল তোমার মনের ঘরে’

বারবার নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া না দেওয়ায়, সরকারি অর্থ তছরুপ এবং ‘সরকারি দাবি আদায় আইন’-এর আওতায় তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, ২০২০ সালের ২৫ অক্টোবর রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন লাভ করেন।

সরকারি অর্থ নিয়ে সময়মতো কাজ শেষ না করলে নির্মাতাদের যেমন আইনের মুখোমুখি হতে হয়, ঠিক তেমনি সরকারের পক্ষ থেকেও সময়মতো অর্থ ছাড় না হওয়ায় দেশের চলচ্চিত্র শিল্প বর্তমানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সুষ্ঠু জবাবদিহিতা ও দুই পক্ষের মধ্যে সঠিক সমন্বয় ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১৯ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button