
➤➤ প্রায় দুই বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকেই এই ভিসা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রাজধানীর ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একই দিন দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে ঢাকা মিশনের দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনার জানান, বাংলাদেশে ভারতের যতগুলো ভিসা সেন্টার রয়েছে, সেগুলো থেকে একযোগে পর্যটন ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশের সময়ই তিনি বুঝতে পেরেছিলেন ভিসার প্রশ্নটি কতটা জরুরি সে কারণেই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
◉ সীমান্তঘেঁষে মানবেতর জীবন, পরিচয়-সংকটে কাঁদছে মানবতা
ভিসা বন্ধের ধাক্কা কতটা প্রকট ছিল, তা সংখ্যায় স্পষ্ট। ২০২৩ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ২১ লাখ ২০ হাজার। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১৭ লাখ ৫০ হাজারে। আর ২০২৫ সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা বিধিনিষেধের কারণে বাংলাদেশি পর্যটকের সংখ্যা মাত্র ৪ লাখ ৭০ হাজারে নেমে আসে। মাত্র দুই বছরে পতন ৭৮ শতাংশ। এই অবস্থায় ভারতের ভিসা সেবা চলছিল ডিসেম্বর ২০২৫-এর আগের সক্ষমতার মাত্র ১৫ থেকে ২০ শতাংশে। চিকিৎসা ও পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। পরবর্তীতে ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার হয়।

২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের বৈঠকে ভিসা সেবা পূর্ণমাত্রায় চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই মাসেই ভারত তাদের নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা সেবা পুনরায় চালু করে। ফেব্রুয়ারির ২০ তারিখের পর থেকে দুই মাসে ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়।
বাংলাদেশ ইতোমধ্যে পর্যটন, ব্যবসা ও চিকিৎসাসহ সব ধরনের ভিসা ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় চালু করেছে। তবে ভারত এতদিন বাংলাদেশিদের ক্ষেত্রে সেই সুযোগ দেয়নি, যা ব্যাপক হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
দীনেশ ত্রিবেদী একজন প্রবীণ রাজনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে লোকসভায় নির্বাচিত হন। মনমোহন সিং সরকারে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬-১৭ সালের আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড পান তিনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলায়। গত ১২ জুন পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। আজ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পরই ভিসা সেন্টার পরিদর্শনে যান।
◉ নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
ভারতে প্রতি বছর ১৫ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ভিসা জটিলতায় তাদের অনেকে ভর্তি পিছিয়ে দিতে বাধ্য হন। ভারতের বড় বেসরকারি হাসপাতালের আন্তর্জাতিক রোগীর প্রায় ১৬ শতাংশ বাংলাদেশ থেকে আসেন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সম্পর্ক পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে ভারত সম্প্রতি পশ্চিম এশিয়ার সংঘাটজনিত জ্বালানিসংকট মোকাবেলায় বাংলাদেশে ডিজেল সরবরাহও করেছে।
২৮ জুন থেকে পর্যটন ভিসা চালুর পর আবেদনের সংখ্যা হু হু করে বাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলে দৈনিক আবেদনের সংখ্যা বিরতির আগের গড় ৪ হাজারের বেশি ছাড়িয়ে যেতে পারে। বিপুল সংখ্যক আবেদন সামলাতে ভিসা কেন্দ্রগুলোর সক্ষমতা কতটুকু থাকবে, সেটাই এখন দেখার বিষয়।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৫ জুন ২০২৬



