
➤➤ অতিরিক্ত ঋণের বোঝায় দুশ্চিন্তায় পড়েছে সরকার। পুরনো এবং বাজেট ঘাটতি মেটানোর ঋণে তিন অর্থবছরে সুদ দিতে হবে ৪ লাখ ৩২ হাজার কোটি টাকা, যা উন্নয়ন বাজেটের আড়াই গুণ। এর সঙ্গে যোগ হবে মূল ঋণ পরিশোধ। এটি দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা ও প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
তাদের মতে, আগের ঋণের অপচয়, অপব্যবহার ও দুর্নীতির কারণেই মূলত এমন পরিস্থিতি হয়েছে। শ্রীলঙ্কার মতো বড় সংকট এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে, মঙ্গলবার (২৩ জুন) জুলাই-মে মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সেখানে দেখা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে আগের নেওয়া ঋণের বিপরীতে বাংলাদেশকে বিভিন্ন ঋণ দাতাসংস্থা ও দেশকে ৪১৩ কোটি ২৩ ডলার পরিশোধ করতে হয়েছে, যা বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড।
সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক বছরে সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় ধারাবাহিকভাবে বাড়বে। শেষ পর্যন্ত এ সুদ সামগ্রিক ব্যয়কে বাড়িয়ে দেবে। মূলত ঋণের পরিমাণ ও বৈশ্বিক অর্থবাজারে অর্থায়নের ব্যয় বৃদ্ধি, দেশীয় সুদের হার ঊর্ধ্বমুখী, টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক ঋণের দায় বাড়ার প্রভাবে এই চাপ সৃষ্টি হচ্ছে।
◉ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
অর্থনীতিবিদ এম কে মুজেরি বলেছেন, ঋণ নিয়ে বড় ধরনের সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। যদিও নীতিগত সহায়তা ও যৌক্তিক পদক্ষেপ নিয়ে দেশটি সংকট থেকে দ্রুত বেরিয়ে আসছে। আমাদেরও সংকট আছে। ঋণের ফাঁদে যেন পড়তে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন সতর্কতার সঙ্গে ঋণ নিতে হবে।
আর সংকট থেকে বেরিয়ে আসতে সঠিক নীতি, পদক্ষেপ ও যৌক্তিক সময়ে বাস্তবায়ন করতে হবে। না হলে শ্রীলঙ্কার দিকেই যেতে হবে। এই অর্থনীতিবিদ মনে করেন, আগের ঋণের অর্থের দুর্নীতি, অপচয় ও অপব্যবহার হয়েছে। ঋণের সঠিক ব্যবহার হয়নি। যে কারণে আজ ঋণ বোঝা হিসেবে দেখা দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, আগামী (২০২৬-২৭) অর্থবছরে পরিশোধ করতে হবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। একইভাবে ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ অর্থবছরে হিসাবে ১ লাখ ৪২ হাজার ১০০ কোটি এবং ১ লাখ ৬২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। এই তিন অর্থবছরে সুদ দিতে মোট ব্যয় হবে ৪ লাখ ৩২ হাজার ৩০০ কোটি টাকা।

যদিও অর্থ বিভাগের পর্যবেক্ষণ বলছে, জিডিপির অনুপাতে সুদ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের ২ দশমিক ৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরে ১ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। তবে এটি মোটেই চাপ কমে যাওয়ার ইঙ্গিত নয়। বরং অর্থনীতির আকার বড় হওয়ায় অনুপাত কমলেও প্রকৃত অর্থমূল্যে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের দেশি-বিদেশি মোট ঋণ হচ্ছে ২৩ লাখ ২২ হাজার ৩০০ কোটি টাকা। আগামী তিন অর্থবছরের মাথায় সেটি বেড়ে দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটিতে। গত কয়েক বছরে মোট ঋণের অঙ্ক দ্রুত বেড়ে যাওয়ায় সুদের অঙ্কও বাড়ছে বলে মনে করছে অর্থ বিভাগ। সুদ ব্যয় বৃদ্ধির পাওয়ার পেছনে আরও কয়েকটি কারণ শনাক্ত করেছে অর্থ বিভাগ।
◉ রিজার্ভ চুরির চার্জশিট প্রস্তুত, জমা শিগগিরই
সেখানে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির ফলে সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সুদহার বাড়িয়ে আমানতকারীদের ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত করা হয়। যে কারণে ব্যাংকগুলোতে উচ্চ সুদহার বিরাজ করছে। তবে সরকার যে ঋণ করছে তার বেশিরভাগ আসছে ব্যাংক খাত থেকে। এ ছাড়া ঋণ নিতে গিয়ে বড় পরিসরে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যুর কারণে আগের চেয়ে বেশি সুদ দিতে হচ্ছে।
অন্যদিকে, বৈদেশিক ঋণের সুদ পরিশোধের অঙ্ক মোট সুদ ব্যয়ের তুলনায় কম হলেও এর বৃদ্ধির হার অনেক বেশি। অন্যতম কারণ হলো টাকার অবমূল্যায়ন। ডলারের বিপরীতে টাকার মান কমে গেলে একই অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধে সরকারকে বেশি টাকা ব্যয় করতে হয়। পাশাপাশি বৈশ্বিক অর্থবাজারে সুদের হার এখনো তুলনামূলক বেশি থাকায় নতুন বৈদেশিক ঋণের খরচও বেড়েছে।
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ১১ মাসে ৪১৩ কোটি ডলার শোধ
বিদেশি ঋণ পরিশোধে চাপ আরও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই (জুলাই-মে) বিদেশি ঋণদাতাদের অতীতের ঋণের সুদ, আসলসহ ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের বেশি শোধ করতে হয়েছে। এর বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের কাছে। সার্বিকভাবে বিদেশি ঋণের অর্থছাড়ের সঙ্গে পাল্লা দিয়ে সুদাসল পরিশোধ করতে হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-মে মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা গেছে, ওই ১১ মাসে আগের নেওয়া ঋণের বিপরীতে বাংলাদেশকে বিভিন্ন ঋণ দাতাসংস্থা ও দেশকে ৪১৩ কোটি ২৩ ডলার পরিশোধ করতে হয়েছে, যা বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড। এ ছাড়া টাকার হিসাবে ওই সময়ে ৫০ হাজার ৫১৫ কোটি টাকা অর্থাৎ ৫০ হাজার কোটি টাকার বেশি শোধ করতে হয়েছে। জুলাই-মে সময়ে বিদেশি ঋণ ও অনুদান এসেছে প্রায় ৪৫৮ কোটি ডলার।
কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। গত অর্থবছরের বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে ৪০৯ কোটি ডলার শোধ করেছে বাংলাদেশ। এবার ১১ মাসেই এর চেয়ে বেশি শোধ করল বাংলাদেশ। ২০২৩-২৪ অর্থবছরে ঋণ শোধের পরিমাণ ছিল ৩৩৭ কোটি ডলার।
◉ এডিপিতে ‘কাগুজে প্রকল্প’ ১০৬৩, মাত্র ১ লাখে ‘জীবিত’ ৭৭
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একই ধারায় ঋণের কিস্তি পরিশোধ করতে হলে এ বছর বিদেশি ঋণ শোধের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার পার হতে পারে।
ইআরডির প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিদেশি ঋণের আসল ২৬৮ কোটি ৪৩ লাখ ডলার ও সুদ ১৪৫ কোটি ডলার শোধ করেছে সরকার। অন্যদিকে ৪১৪ কোটি ডলার ঋণ হিসেবে এবং ৪৩ কোটি ডলার অনুদান হিসেবে পাওয়া গেছে।
অন্যদিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতিও কমেছে। ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে সব মিলিয়ে বাংলাদেশ ৪২২ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে সাড়ে ৫০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।
কারা কত দিল
গত ১১ মাসে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক দিয়েছে প্রায় ৯৬ কোটি ডলার। এরপর আছে রাশিয়া। রাশিয়া ৯৩ কোটি ডলার। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৭৮ কোটি ডলার। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে ৫৩ কোটি ডলার ও ২৫ কোটি ডলার। জাপান দিয়েছে ৪৩ কোটি ডলার।
সরকার বাজেটের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ ও অনুদান নেয়। এ ছাড়া বাজেট সহায়তা হিসেবেও অর্থ নেয়। এ ছাড়া বেসরকারি খাতকেও উন্নয়ন সহযোগীরা ঋণ দেয়।
নিউজ নাউ বাংলা/কেএএস/ জেডআরসি/ ২৩ জুন ২০২৬



