ছেলে, স্ত্রীসহ করোনা আক্রান্ত সোনু নিগম

ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেসঙ্গে তার স্ত্রী মধুরিমা নিগম এবং ছেলে নীভমও আক্রান্ত হয়েছেন।
বিষয়টি জানিয়েছেন সোনু নিগম নিজেই।
বর্তমানে সপরিবার দুবাইয়ে আছেন সোনু। সেখান থেকে সামাজিকমাধ্যম টুইটারে এই গায়ক লেখেন, ‘আমি বর্তমানে দুবাইয়ে। দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ ধরা পড়ায় আপাতত আইসোলেশনে রয়েছি। যতবার পরীক্ষা করিয়েছি, ততবারই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি সুস্থ আছি।
দুবাই থেকে ভারতে ফিরে ভুবনেশ্বরে একটি শো-এ অংশ নেওয়ার কথা ছিল সোনুর। সে বিষয়ে টুইটারে লেখেন, আমার জন্য যাদের ক্ষতি হল তাদের জন্য খারাপ লাগছে।
স্ত্রী এবং সন্তানের বিষয়ে এই সংগীতশিল্পী জানান, ছেলে ও স্ত্রীও স্বাভাবিক সময়ের মতোই রয়েছে। তাদের কারও জটিল কোনো সমস্যা দেখা দেয়নি। তবে দীর্ঘদিন পরিবারের সবার এভাবে একসঙ্গে থাকা হয়নি। তাই সোনুর কথায়, ‘তারা এখন হ্যাপি কোভিড ফ্যামিলি।’



