Leadবিশ্ব

চুক্তি ভেঙে লেবাননে নির্বিচার হামলা, সুইস বৈঠক অনিশ্চিত

◉ ফের বন্ধ হরমুজ প্রণালি

➤➤ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই হওয়া ১৪ দফার যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র দুদিনে অন্তত ৮৩ জন নিহতের জেরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করেছে ইরান।

মধ্যপ্রাচ্যের এই আকস্মিক উত্তেজনায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে রবিবার (২১ জুন) অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

যুদ্ধবিরতি চুক্তি ও ইসরায়েলের বিশ্বাসঘাতকতা
গত বুধবার (১৭ জুন) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ৮০০ শব্দের ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর প্রথম শর্তই ছিল লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। ৬০ দিনের এই যুদ্ধবিরতি-পরবর্তী শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আগেভাগেই সুইজারল্যান্ডে পৌঁছান। কিন্তু চুক্তির পরদিনই ইসরায়েল লেবাননে ফের হামলা শুরু করলে তেহরান সুইস বৈঠক বাতিল করে দেয়।

◉ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার নেপথ্যে ১৪ দফা

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলে শুক্রবার বিকাল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয় তেল আবিব। কিন্তু রাত পোহাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে দক্ষিণ লেবাননে আবারও ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

হতাহতের চিত্র ও পাল্টাপাল্টি দাবি
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার (২০ জুন) সকাল থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার হামলায় ৩৬ জনের মৃত্যু হয়। দক্ষিণ লেবাননের বারিশ শহরে হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

সব মিলিয়ে মাত্র দুদিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৮৩ জনে, আহত হয়েছেন ১৪১ জনের বেশি। অন্যদিকে, তেল আবিবের দাবি, তারা যুদ্ধবিরতি নয়, বরং হিজবুল্লাহর অন্তত ৫০টি ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

ইরানের পাল্টা জবাব ও বৈশ্বিক শঙ্কা
ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে শনিবার (২০ জুন) হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খতম-আল-আনবিয়া এক কড়া বিবৃতিতে জানিয়েছে, “হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করবে না। শত্রুরা যে চুক্তি ভেঙেছে, তার জবাব দিতে এটি আমাদের প্রথম পদক্ষেপ। আগ্রাসন চলতে থাকলে পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে।”

কূটনৈতিক তৎপরতা
হরমুজ প্রণালি বন্ধ এবং আন্তর্জাতিক চাপের মুখে শনিবার স্থানীয় সময় রাত ৮টায় নেতানিয়াহু সাময়িকভাবে সেনাবাহিনীলৈ হামলা বন্ধের নির্দেশ দেন। ইসরায়েলের এই পিছু হটার পর পূর্বঘোষণা ছাড়াই সুইজারল্যান্ডে অবস্থানরত মার্কিন প্রতিনিধিরা আলোচনা শুরুর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

◉ চুক্তি না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এখন পুরো বিশ্বের নজর বুর্গেনস্টক রিসোর্টের দিকে; এই শান্তি আলোচনা আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টার কূটনৈতিক দেনদরবারের ওপর।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২১ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button