উহান ল্যাবেই তৈরি করোনা, প্রমাণ আছে: উহান ল্যাব ভাইরোলজিস্ট

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনার উৎপত্তি। করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই ট্রাম্প প্রশাসন এমনটাই দাবি করে আসছিল। তারা বরাবরই বলছিলেন করোনা ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। এবার যুক্তরাষ্ট্রের সেই দাবিকে আরও জোরালো করলেন চীনের-ই উহান ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ান।
তিনি জানিয়েছেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস। এবং এটি মানুষেরই তৈরি । তার কাছে শতভাগ প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন এই ভাইরোলজিস্ট। খুব শীঘ্রই তা প্রকাশ করবেন তিনি। এমনটাই বলছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদন।
ব্রিটিশ একটি টকশোতে হাজির হয়ে তিনি নতুন করে এই দাবি করেছেন। তিনি বলেছেন, ভাইরাসটি চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে আর সেই ল্যাব নিয়ন্ত্রণ করে চীনের সরকার।
ইয়ান নিজের দাবি ব্যাখ্যা করে বলেন, ভাইরাসটির জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। এর ভিত্তিতে আপনারা এই বিষয়টি নিশ্চিত হতে পারবেন। আমি এই প্রমাণ ব্যবহার করে মানুষকে জানিয়ে দেবো কেন চীনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে এবং কেন তারা এটি তৈরি করেছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবেন এবং নিজেই তা যাচাই করতে পারবেন।
ভাইরোলজিস্ট লি মেং ইয়ান এর জন্ম হংকংয়ে। কিন্তু বর্তমানে তিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। বছরের শুরুতে তাকে চীন হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে যুক্তরাষ্ট্রে পালান তিনি।
তিনি আরও জানান, যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন তাকে নীরব ও সতর্ক থাকতে বলা হয়। তার সুপারভাইজার তাকে বলেন, এ ব্যাপারে মুখ খুললে আমরা সমস্যায় পড়বো এবং গুম হয়ে যাবো।



