Leadইকোবিজ

আসছে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট

◉ আড়াই লাখ কোটির ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণে

➤➤ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ১ লাখ কোটি টাকা বাড়ানো হয়েছে। ফলে ব্যয়ের চাপ সামলাতে বাজেটে ঘাটতি ধরা হচ্ছে জিডিপির ৩.৬ শতাংশ বা ২ লাখ ৫১ হাজার কোটি টাকা।

◉ রপ্তানি আয়ে ভাটা, আছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

এই পাহাড়সম বাজেট ঘাটতির ৪৬ শতাংশ মেটানো হবে বৈদেশিক উৎস থেকে। এর পরিমাণ ১ লাখ ১৬ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৪ শতাংশ বেশি। ঘাটতির বাকি ৫৪ শতাংশ বা ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা মেটানো হবে অভ্যন্তরীণ খাত থেকে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২০ হাজার কোটি এবং সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ১৫ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশাবাদী যে, অন্তর্বর্তী সরকারের সময় স্থগিত থাকা বিদেশি ঋণনির্ভর মেগা প্রকল্পগুলো এখন গতি পাবে। নতুন এডিপিতেও বেশ কিছু বড় প্রকল্প যুক্ত হওয়ায় বিদেশি অর্থছাড় বাড়বে। তবে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় উন্নয়ন সহযোগীরা অর্থছাড়ে সতর্ক। চলতি অর্থবছর মে মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে মিলেছে মাত্র ২৬ হাজার ৭০০ কোটি টাকা।

তিনি আরও সতর্ক করেন যে, সরকারের অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে বাধাগ্রস্ত করবে। ফলে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বাজেটের বাড়তি খরচের জোগান দিতে এবার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৬ লাখ ৪ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, যা আগের বছরের চেয়ে ১ লাখ কোটি টাকা বেশি। অথচ এনবিআরের শুল্ক-কর আদায়ের পরিস্থিতি সন্তোষজনক নয়। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৮২ কোটি টাকা।

সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে শুল্ক-কর প্রস্তাবগুলো ব্যবসাবান্ধব হওয়া উচিত। এনবিআরের কর্মকর্তাদের স্বেচ্ছাচারী ক্ষমতা থেকে সরে এসে কর প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।

◉ জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

ব্যক্তিশ্রেণির করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হচ্ছে। পরবর্তী দুই বছর এটি ৪ লাখ টাকা রাখার পাশাপাশি ২০৩০-৩১ সাল পর্যন্ত একটি রূপরেখা দেওয়া হবে।

নারী, ৬৫ ঊর্ধ্ব নাগরিক, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের করমুক্ত আয়সীমাও বাড়ছে। প্রতিবন্ধীদের অভিভাবকরা প্রতি সন্তানের জন্য বাড়তি করছাড় পাবেন।

আগামী অর্থবছর থেকে বছরজুড়েই রিটার্ন দেওয়া যাবে। বছরের শুরুতে রিটার্ন দিলে করছাড় মিলবে, আর দেরি করলে ৫ হাজার টাকা বা প্রদেয় করের ১০ শতাংশ জরিমানার বিধান থাকছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত করা হচ্ছে। বিদেশ থেকে আসা তাদের এই আয়কে প্রবাসী আয়ের স্বীকৃতি দিয়ে প্রণোদনাও দেওয়া হতে পারে।

➤➤ ২৩২ কোটি টাকা আত্মসাতের দায়, ‌‘রাজনৈতিক ডিগবাজি’ দেলোয়ারের

স্টার্টআপ, ইনোভেশন ভেঞ্চার ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের কর অব্যাহতি সুবিধাও বহাল থাকছে। সেমিকন্ডাক্টর ও পরিবেশবান্ধব ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কছাড় মিলবে যথাক্রমে ২০৩১ ও ২০৩০ সাল পর্যন্ত।

রাজস্ব বাড়াতে ব্যাংক হিসাব খোলা এবং ১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বা রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে। তবে দেশের ১৭ কোটির বেশি ব্যাংক হিসাবের মধ্যে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী ও পেনশন সুবিধাভোগীদের এই শর্ত থেকে ছাড় দেওয়া হতে পারে।

রপ্তানি প্রণোদনার অর্থের ওপর বিদ্যমান উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে খুচরা পর্যায়ে পণ্য সরবরাহ বা ডিস্ট্রিবিউশন ধাপে দশমিক ২০ শতাংশ (হাজারে ২ টাকা) অগ্রিম আয়কর বসছে।

নারী উদ্যোক্তাদের টার্নওভার করের করমুক্ত সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করা হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের লাইসেন্স ও নবায়নের মেয়াদ পাঁচ বছর করার ‘ডি-রেগুলেশন’ অনুচ্ছেদ থাকছে বাজেট বক্তৃতায়।

বেসরকারি খাতের উদ্যোক্তাদের নেওয়া বিদেশি ঋণের সুদের বিপরীতে এত দিন কর মওকুফ থাকলেও, এবার ২০ শতাংশ উৎসে কর কমিয়ে ১০ শতাংশ হারে নতুন কর আরোপ করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, উৎপাদন ও সরবরাহে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর সম্পূর্ণ আয়কর অব্যাহতি দেওয়া হচ্ছে।

◉ ভবিষ্যতের কৃষি হবে কার্বন স্মার্ট কৃষি

বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির শুল্ক-কর ভার ৯৩ শতাংশ থেকে কমানো হচ্ছে। ২৫ হাজার ডলার দামের ইভিতে ৬৪ শতাংশ এবং ২৫ থেকে ৫০ হাজার ডলারের ইভিতে ৮০ শতাংশ শুল্ক-কর প্রস্তাব করা হতে পারে। ইভির নিবন্ধন ও ফিটনেস নবায়নের অগ্রিম করও কমছে। এছাড়া ১৮০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ হাইব্রিড গাড়ি আমদানির নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে।

ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেল সরবরাহের উৎসে কর কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। দেশীয় কোম্পানিগুলোর ভোজ্যতেল উৎপাদনে প্রথম ১০ বছর কর অব্যাহতি মিলবে। মুঠোফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি ক্যামেরা দেশীয়ভাবে উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

কীসের দাম কমবে?
দেশীয় এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে সাড়ে ৭ শতাংশ করায় এগুলোর দাম কমতে পারে। মুঠোফোন উৎপাদনের কাঁচামালের অগ্রিম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। মৃতদেহ সংরক্ষণের মরচুয়ারি আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১ শতাংশ হচ্ছে।

◉ দেশে চাকরির বাজার কমার শঙ্কা

আমদানি করা লিপস্টিকের শুল্কায়ন মূল্য প্রতি কেজি ৪০ ডলার থেকে কমিয়ে ৩০ ডলার এবং লোশন, ফেস ক্রিম ও ফেসওয়াশের শুল্কায়ন মূল্য ১০ ডলার থেকে কমিয়ে ৭ ডলার করায় এসব প্রসাধন সামগ্রীর দাম কমবে।

কীসের দাম বাড়বে?
বিড়ি ও সিগারেটের মূল্যস্তর ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে সিগারেটের দাম প্রতি স্টিকে ১ থেকে ৩ টাকা বাড়তে পারে। নিকোটিন পাউচে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং দেশীয় মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট বসছে। নির্মাণ সামগ্রী রডের ওপর ভ্যাট টনপ্রতি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব রয়েছে। ফলে ঘরবাড়ি ও আবাসন নির্মাণ খরচ বাড়বে।

স্থানীয় চাষিদের উৎসাহিত করতে আমদানি করা কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। এছাড়া দামি রেস্তোরাঁ নিশ্চিত করতে পাঙাশ মাছের ফিলেট আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বসছে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১০ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button