বাংলাদেশ

আগুন নেভাতে যোগ দিয়েছে তিন বাহিনী, প্রস্তুত হেলিকপ্টার

ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব, নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এ ছাড়া নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নিউমার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বিজিবি। প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ সেখানে ১২ প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে মোট ৩০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button