সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় এ জানাজা। এর আগে একই দিন বাংলাদেশ সেনাবাহিনীর লাশবাহী একটি ভ্যানে করে বেলা ১১টার দিকে তার মরদেহ নগরকান্দায় আনা হয়।
জানাজা পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা ইসমাতুল্লাহ কাসেমী। জানাজায় কেন্দ্রীয় নেতা মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী



