বাংলাদেশ

নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি স্থলভাগের ওপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপটির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরসগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

এদিকে, সকাল থেকে নোয়াখালী হাতিয়ার বিভিন্ন মৎস্য ঘাট ও জেলেপল্লীতে মাইকিং করছেন তারা। এ সময় সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার সকাল থেকে হাতিয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার কারণে জোয়ারের তীব্রতা বেড়েছে। একইসঙ্গে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুম-দ্বীপের নিম্নাঞ্চল। নিঝুম-দ্বীপে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে কয়েকটি ওয়ার্ডের আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে নিচু এলাকায় বসবাস করা মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button