বিশ্ব

ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার

আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা। এমন অবস্থায় দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে আফগান সরকার।

আজ রবিবার ১৫ অগাস্ট দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।

আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের খবরে বলা হয়েছে, তালেবান বাহিনী একের পর এক অঞ্চল দখল করে নেওয়ার পর আজ কাবুলে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষমতা হস্তান্তর শুরুর প্রক্রিয়ার মধ্যস্থতা করছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে পালাচ্ছেন কাবুলের বাসিন্দারা। বাসিন্দারা শহর ছেড়ে পালাতে শুরু করেছেন। কোন পথে শহর ছাড়বে মানুষ তা ঠিক করতে হিমশিম খাওয়ায় রাস্তায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।

অপরদিকে এক টুইটে তালেবান ক্ষমা ঘোষণা করে বলেছে, ‘আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসনকারীদের জন্য কাজ করেছে বা তাদের সাহায্য করেছে, অথবা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছে, তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে।

এ বছরের ৯ মার্চ আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে তালেবান বাহিনী। এরপরই দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগুতে শুরু করে তারা। দখল করতে থাকে একেকটা রাজ্য।

Related Articles

Leave a Reply

Back to top button