মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন, পদত্যাগ করছেন

অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধামন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি’র বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ মালয়েশিয়াকিনিকে জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজা আল সুলতান আবদুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেবেন মুহিউদ্দিন ইয়াসিন। ইতোমধ্যে তিনি মন্ত্রিসভার সদস্য ও নিজ রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকে সফল হলেও এখন চরমভাবে অবনতি হয়েছে দেশটির। এছাড়া অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।
জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়। এরপর গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা, তা যাচাইয়ে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইয়াতে আস্থাভোট চান তিনি।
তবে গত শুক্রবার (১৩ আগস্ট) পার্লামেন্ট অধিবেশনে মুহিউদ্দিন ইয়াসিন প্রথমবারের মতো স্বীকার করে নেন, তার সংখ্যাগরিষ্ঠতা নেই।



