বাংলাদেশ

যে কোন দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

‌সরকারের নির্দেশে দেশের প্রয়োজনে যে কোন দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমরা যে কাজটি করব সেটি চেষ্টা করব ভালোভাবে করার। সেনাবাহিনীর উপর জনগণের আস্থা রয়েছে। আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসনের সহযোগিতা। সেটি যদি আমরা পাই তাহলে কাজটি আমরা ভালোভাবে করতে পারবো। দূর্যোগে কিভাবে কাজ করতে হয় সেনা সদস্যরা সেটি জানেন।

করোনার ব্যাপারে সেনা প্রধান বলেন, করোনা ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেগুলো সেনা সদস্যদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। স্থানীয় প্রশাসনের প্রয়োজনে কাজ করছে সেনাবাহিনী।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার বিষয়ে সেনাপ্রধান বলেন, বর্তমান পর্যন্ত ৪৬০টি ঘর আমরা সংস্কার করে দিয়েছি। দশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। খাবারের ব্যাপারে সরকারের পক্ষ থেকেও অনেক কিছু করা হচ্ছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে তারপরও সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ১৬টি পানি ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। এর মধ্যে উপকূলে পানি সংকট নিরসনের জন্য তিনটি ইতিমধ্যে দেওয়া হয়েছে। আরও লাগলে দেবো।

উপকূলীয় এলাকায় বাঁধ রক্ষার ব্যাপারে সেনাপ্রধান বলেন, উপকূলীয় এলাকায় বাঁধ রক্ষার কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। মন্ত্রণালয় পরিকল্পনা করেছে। সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনীকে দিলে সেনাবাহিনী করবে কি না? আমরা বলেছি, সরকারের দেয়া কাজ করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এটিকে আমরা গর্ব মনে করি। কিভাবে কাজগুলো করলে সুন্দর হবে এখন সেটি আমরা পরিকল্পনা করছি। বাঁধ রক্ষায় এই মুহূর্তে লোক দরকার, বাঁশসহ অন্যান্য সারঞ্জামাদি দরকার হবে। সবকিছু পর্যাপ্ত পাওয়া নাও যেতে পারে। তবুও আমরা চেষ্টা করছি।

বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকাপ্টারযোগে সাতক্ষীরায় অবতরণ করেন। এরপর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। বেলা ১১টায় সেনাসদস্য ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে ১২টায় হেলিকপ্টারযোগে সাতক্ষীরা উপকূল ঘুরে খুলনার কয়রার উদ্দেশে রওনা হন।

Related Articles

Leave a Reply

Back to top button