ফলোআপ

পরীমণির বিরুদ্ধে আদালতের চার্জশিট গ্রহণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়েছে। পরবর্তী চার্জ গঠনের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ( ১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট গ্রহণ করেন। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে ২৬ অক্টোবরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণের জন্য এই দিন ধার্য করেন। এদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। এদিন তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিন আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট আমলে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

গত ১৩ অক্টোবর একই আদালতের বিচারক বিচারক কে এম ইমরুল কায়েশ চার্জশিট আমলে নেওয়ার জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন। গত ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

ওই দিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনেরও জামিন মঞ্জুর করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button