
➤➤ রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।
বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন দ্রুততার সাথে এই মামলার বিচারকার্য সম্পন্ন হয়েছে। মাত্র ১৬ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল, অভিযোগ গঠন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং চূড়ান্ত যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দিলেন।
➤➤ নিষ্পাপ ফুল ছিঁড়ে ফেলছে নরপিশাচরা
গত ২ জুন মামলার চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার নথিপত্র, ফরেনসিক রিপোর্ট এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।
গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসাদ জাবিনের ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল।

আদালতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মো. ইকবাল হোসেন জানান, আসামিদের শয়নকক্ষে খাটের নিচে শিশুটির দেহ এবং রক্তমাখা পানির বালতির ভেতর থেকে কাটা মাথা উদ্ধার করা হয়েছিল।
ঘটনার ভয়াবহতায় আদালত কক্ষের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তদন্ত কর্মকর্তা আরও জানান, নৃশংস এই হত্যাকাণ্ড আড়াল করতে আসামিরা আলামত ধুয়ে মুছে ফেলারও চেষ্টা করেছিল।
সাক্ষ্যগ্রহণের সময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার এবং বড় বোন রাইসাসহ স্বজনদের আর্তনাদে এজলাস প্রাঙ্গণে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
➤➤ শিশুদের রক্তে ভেজা চারপাশ, বিপন্ন শৈশব
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার দিন রামিসার মা পারভীন আক্তার প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজায় কড়া নেড়ে আকুতি জানালেও খুনি দম্পতি দরজা খোলেনি; বরং সেই সময়েই তারা শিশুটিকে হত্যার পর লাশ খণ্ড-বিখণ্ড করার কাজে লিপ্ত ছিল।
রাষ্ট্রপক্ষ শুরু থেকেই মামলার গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। রায়ের পর আদালত চত্বরে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বিচারহীনতার সংস্কৃতি রোধে এই দ্রুততম সময়ের রায় একটি মাইলফলক হয়ে থাকবে।
রায় ঘোষণার সময় কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়। এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলো।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ০৭ জুন ২০২৬


