Leadএনএনবি বিশেষফলোআপ

চারদিকে লোনা জল, সুপেয় পানির তীব্র হাহাকার

১৭ বছরেও শুকায়নি চোখের জল, মোছেনি আইলার ক্ষত

➤➤ আজ ভয়াল ২৫ মে। ক্যালেন্ডারের পাতা ঘুরে দিনটি এলেই বুক কেঁপে ওঠে সাতক্ষীরা, খুলনা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় জনপদের লাখ লাখ মানুষের। দেখতে দেখতে ১৭টি বছর পার হয়ে গেল, কিন্তু ২০০৯ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আইলা’ যে ক্ষত তৈরি করে গিয়েছিল, তা আজো দগদগে।

শ্যামনগর, আশাশুনি, কয়রা কিংবা দাকোপ—উপকূলের এই জনপদগুলোতে আজও স্বাভাবিক জীবন ফেরেনি। চারিদিকে তাকালে চোখে পড়ে ভাঙা বাঁধ, লোনা পানির বিস্তার আর মানুষের বেঁচে থাকার নির্মম লড়াই। ১৭ বছর ধরে টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, চিকিৎসা ও কর্মসংস্থানের তীব্র সংকটে এখানে কাটছে লাখো মানুষের মানবেতর জীবন।

সবুজ থেকে ধূসর: এক লোনা মরুভূমির গল্প
একসময় সাতক্ষীরার গাবুরা, পদ্মপুকুর কিংবা আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন ছিল বুকভরা ফসলে সমৃদ্ধ। মাঠজুড়ে দুলত সোনালী ধান, পাট আর হরেক রকমের শাক-সবজি। চারপাশ ঘেরা ছিল সবুজ বনানীতে। কিন্তু আইলা এসে এক নিমিষেই কেড়ে নিয়েছে সেই রূপ।

লোনা পানি ঢুকে পুরো অঞ্চলের মাটি বিষাক্ত হয়ে পড়েছে। এখন যেখানেই চোখ যায়, শুধু লোনা পানির চিংড়ি ঘের আর অনাবাদী ধূসর জমি। লবণাক্ততার কারণে গাছপালা মরে উজাড় হয়ে যাচ্ছে, পুরো অঞ্চল যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক লোনা মরুভূমিতে।

সবুজ থেকে ধূসর: এক লোনা মরুভূমির গল্প
একসময় সাতক্ষীরার গাবুরা, পদ্মপুকুর কিংবা আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন ছিল বুকভরা ফসলে সমৃদ্ধ। মাঠজুড়ে দুলত সোনালী ধান, পাট আর হরেক রকমের শাক-সবজি। চারপাশ ঘেরা ছিল সবুজ বনানীতে। কিন্তু আইলা এসে এক নিমিষেই কেড়ে নিয়েছে সেই রূপ।

লোনা পানি ঢুকে পুরো অঞ্চলের মাটি বিষাক্ত হয়ে পড়েছে। এখন যেখানেই চোখ যায়, শুধু লোনা পানির চিংড়ি ঘের আর অনাবাদী ধূসর জমি। লবণাক্ততার কারণে গাছপালা মরে উজাড় হয়ে যাচ্ছে, পুরো অঞ্চল যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক লোনা মরুভূমিতে।

সেই দুপুরের বিভীষিকা: আজও তাড়া করে ফেরে স্বজনহারাদের
২০০৯ সালের ২৫ মে সকালটা কিন্তু অন্য আটদশটা দিনের মতোই সাধারণ ছিল। আকাশজুড়ে ছিল মেঘের আনাগোনা, হচ্ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উপকূলের মানুষ ভাবতেও পারেনি, দুপুরের পর কী নারকীয় তাণ্ডব ধেয়ে আসছে তাদের দিকে।

মুহূর্তের মধ্যে নদী ফুঁসে ওঠে। ১৪ থেকে ১৫ ফুট উঁচু লোনা পানির দানবীয় ঢেউ লণ্ডভণ্ড করে দেয় সব। চোখের পলকে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গবাদিপশু আর হাজারো মানুষের স্বপ্ন।

স্বজন হারানোর সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন অনেকে। এক বৃদ্ধ চোখ মুছতে মুছতে বলেন, “আমার কলিজার টুকরো মেয়ে আর নাতনিটা আইলার তোড়ে ভেসে গিয়েছিল। অনেকের লাশটাও শেষবারের মতো দেখতে পায়নি এই অভাগা চোখ।”

➤➤ জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল পাঁচজনের!

নৌকাডুবিতে মা-সহ পরিবারের ১১ জন সদস্যকে হারানো আরেকজন বলেন, “আমরা ২০ জন একটা নৌকায় করে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু চোখের সামনে মা-সহ ১১ জন ডুবে মারা গেল। এই দৃশ্য চোখে নিয়ে আর কত বছর বাঁচতে হবে জানি না।”

সরকারি হিসাবমতে, আইলার আঘাতে শুধু সাতক্ষীরাতেই প্রাণ হারান ৭৩ জন মানুষ, আহত হন দুই শতাধিক। মুহূর্তের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ধ্বংস হয়ে যায় ১ লাখ ৪২ হাজার ঘরবাড়ি, শত শত শিক্ষা প্রতিষ্ঠান এবং ১১৭ কিলোমিটার বেড়িবাঁধ।

‘পানির রাজ্যে বাস, অথচ এক ফোঁটা খাওয়ার পানি নেই’
উপকূলের মানুষদের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—তাদের চারপাশ জুড়ে শুধু পানি আর পানি, অথচ তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা সুপেয় পানি নেই। আইলার পর থেকে এলাকার পুকুর ও ভূগর্ভস্থ পানি পুরোপুরি লোনা হয়ে গেছে।

গাবুরা ইউনিয়নের এক নারী আক্ষেপ করে বলেন, “আমরা পানির ওপর ভাসি, কিন্তু খাওয়ার পানি পাই না। মাইলের পর মাইল হেঁটে কলসি কাঁখে দূর থেকে পানি আনতে হয়। আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।”

এনজিওগুলোর বসানো পানি বিশুদ্ধকরণ ফিল্টারগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেশির ভাগই অকেজো। ফলে এক কলসি মিষ্টি পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন যে যুদ্ধ করতে হয়, তা কোনো যুদ্ধের চেয়ে কম নয়।

নড়বড়ে বাঁধ আর বুকভরা আতঙ্ক
উপকূলবাসীর অভিযোগ, আইলার পর যেসব বেড়িবাঁধ মেরামত করা হয়েছে, তার বেশিরভাগই জোড়াতালির ও অস্থায়ী। ফলে বর্ষা মৌসুম এলেই শুরু হয় নতুন আতঙ্ক। নদীর জোয়ার একটু বাড়লেই নদীপাড়ের মানুষকে রাত জেগে পাহারা দিতে হয়—এই বুঝি বাঁধ ভেঙে সব ভেসে গেল! ঝড়-বৃষ্টি এলেই আজও অনেক পরিবারকে ঘরদোর ছেড়ে, কাপড়চোপড় গুটিয়ে স্কুলের আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়।

এর সাথে যোগ হয়েছে তীব্র কর্মসংস্থানের অভাব। কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষ এখন পুরোপুরি চিংড়ি ঘেরের ওপর নির্ভরশীল। কিন্তু ঘেরে তো সবার কাজ জোটে না। ফলে জীবিকার তাগিদে, একটু দুমুঠো ভাতের আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ ভিটেমাটি ছেড়ে পাড়ি জমাচ্ছেন দেশের বিভিন্ন শহরে। হয়ে পড়ছেন জলবায়ু উদ্বাস্তু।

বিপন্ন জনস্বাস্থ্য, অনিশ্চিত ভবিষ্যৎ
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী লবণাক্ততার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। এলাকায় বাড়ছে আর্সেনিক সমস্যা, অপুষ্টি এবং নানা চর্মরোগ। দারিদ্র্যের কষাঘাতে বাড়ছে শিশুশ্রম ও বাল্যবিবাহের হার।

অবশ্য আশার বাণী শুনিয়েছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম। তিনি জানান, জাইকার অর্থায়নে ইতোমধ্যে ২৭ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও ১৯৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করা সম্ভব হলে গাবুরাসহ উপকূলীয় এলাকা অনেকটা সুরক্ষিত হবে। তবে স্থানীয়দের দাবি, এই আশ্বাস যেন শুধু কাগজের কলমেই সীমাবদ্ধ না থাকে, দ্রুত যেন এর বাস্তবায়ন হয়।

➤➤ বিচারের অপেক্ষায় দেড় লক্ষাধিক ধর্ষণ মামলা, দেড়যুগে সর্বোচ্চ সাজা মাত্র ৫ জনের!

আইলার পর কেটে গেছে দীর্ঘ ১৭টি বছর। এখনো উপকূলের আকাশে মেঘ জমলে মানুষের চোখে ঘুম আসে না। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ আর কৃষি পুনর্বাসন ছাড়া এই অঞ্চলের মানুষের ভাগ্যবদল অসম্ভব।

আজ ১৭ বছর পূর্তিতে দাঁড়িয়ে বুকভাঙ্গা আর্তনাদ নিয়ে উপকূলবাসীর একটাই প্রশ্ন—”আইলার ১৭ বছর পরও যদি আমাদের একটু নিরাপদ আশ্রয় আর এক ফোঁটা সুপেয় পানির নিশ্চয়তা না মেলে, তবে আগামী দিনে কোনো বড় দুর্যোগ এলে আমাদের বাঁচাবে কে?”

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৫ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button