করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১০১ জন। একদিনে নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৪৯২ জন। মোট শনাক্ত দুই হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এ পর্যন্ত মোট সুস্থ ৮৫ জন।
সোমবার (২০ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে একথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করেছি, মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। মৃত ১০ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন।
গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ। ঢাকায় এবং নারায়ণগঞ্জে আগের মতোই।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণ করলে ৬০ বছরের ঊর্ধ্বে চার জন, ৫১-৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১-৫০ বছরের মধ্যে দুজন।
গতকালের থেকে আজ নমুনা সংগ্রহ হয়েছে প্রায় ১০ শতাংশ বেশি এবং পরীক্ষা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৭ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা ৭১৩। মোট কোয়ারেন্টিনে আছেন ৮০ হাজার ৪০২ জন।



