করোনা ভাইরাসের ভুয়া ওষুধের বিক্রি বাড়ায় উদ্বিগ্ন ডাব্লিউএইচও

করোনা ভাইরাসের চিকিৎসার নাম করে ভুয়া ওষুধের বিক্রি বেড়ে গেছে উন্নয়নশীল দেশগুলোতে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি জানায়, অনেক উন্নয়নশীল দেশে ভুয়া ওষুধের বিক্রি বাড়ছে। এসব ওষুধ খেলে তার ‘গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া’ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
বিশ্বের অনেক দেশে মানুষ সাধারণ ওষুধগুলো মজুত করছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধ সরবরাহকারী দুটি দেশ চীন এবং ভারতে এই মুহূর্তে লকডাউন চলায় ওষুধের চাহিদা সরবরাহকে ছাপিয়ে গেছে। ফলে বিপদজনক ওষুধের ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্ব ব্যাপী ওষুধ ব্যবসার পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের ওপর। করোনাভাইরাসের কারণে ওষুধ নির্মাতা থেকে দোকানে ওষুধ পৌঁছানোর যে বিশাল সরবরাহ চেইন, তাতে বড়ধরনের ব্যাঘাত ঘটায় এধরনের জাল ওষুধ ও ভুয়া চিকিৎসা সরঞ্জাম নিয়ে অসাধু ব্যবসায়ীরা মাঠে নেমেছে।



