৭ দিনের রিমান্ডে এসআই আকবর

আলোচিত রায়হান আহমদ হত্যার প্রধান আসামি উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেনকে সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেমের আদালতে তাকে হাজির করা হয়।
এ সময় তাকে জিজ্ঞাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন। শুনানি শেষে আদালতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর সৈয়দ শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপরে সিলেটের কানাইঘাট উপজেলার ভারত সীমান্তে আকবর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। বিকেল ৪টা ১০ মিনিটে কানাইঘাট থানা থেকে কড়া নিরাপত্তায় পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়। পরে রাতেই তাকে পিআইবির কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে রায়হান আহমদকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট কোতয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।



