
◉➤ ডিজিটাল লেনদেনকে সহজ ও আন্তঃচালিত (Interoperable) করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড সর্বজনীন ও বাধ্যতামূলক করেছে। তাত্ত্বিকভাবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে গ্রাহকেরা বিকাশ, রকেট বা যেকোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোডে সহজেই মূল্য পরিশোধ করতে পারছেন।
কিন্তু কাগুজে এই সফলতার বিপরীতে বাস্তব চিত্রটি বেশ হতাশাজনক। দেশে বর্তমানে ব্যাংক কার্ড ও এমএফএস মিলিয়ে দৈনিক ৩৪০ কোটি টাকার বেশি ডিজিটাল লেনদেন হলেও, সেখানে বাংলা কিউআরের হিস্যা মাত্র ১১ থেকে ১২ কোটি টাকা। অর্থাৎ, সর্বজনীন হওয়ার ঘোষণা এলেও কাঠামোগত ও নীতিগত ত্রুটির কারণে এর প্রসার এখনো আটকে আছে।
২০২৩ সালের ১৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালুর পর, ধাপে ধাপে এটি সম্প্রসারণ করা হয়। সম্প্রতি সব ব্যাংক, পিএসপি এবং এমএফএস-এর জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে লেনদেনে কিছুটা গতি এলেও তা প্রত্যাশার তুলনায় অত্যন্ত নগণ্য। বর্তমানে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার বার বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন হচ্ছে।
দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ কিউআর কোড ইস্যু করা হয়েছে। এর মধ্যে এককভাবে ৫ লাখ কিউআর কোড নিয়ে শীর্ষে আছে বিকাশ। এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের (রকেটসহ) ২ লাখ ৭০ হাজার, পূবালী ব্যাংকের ১ লাখ ৯০ হাজার, ইসলামী ব্যাংকের ৮০ হাজার, সোনালী ব্যাংকের ৫৪ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০ হাজার এবং সিটি ব্যাংকের ৩৮ হাজার কিউআর কোড বাজারে রয়েছে।
তবে কেবল নির্দেশনার ওপর ভর করে ডিজিটাল ইকোসিস্টেম তৈরি যে সম্ভব নয়, তা মাঠপর্যায়ের চিত্র দেখলেই স্পষ্ট হয়। খাত-সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআরের প্রসারের পথে সবচেয়ে বড় বাধা হলো ১ শতাংশ বাধ্যতামূলক মাশুল বা এমডিআর। ছোট মুদিদোকান বা খুচরা বিক্রেতারা আগে অনেক ক্ষেত্রে বিনা মাশুলে লেনদেন করতে পারলেও, এখন বাংলা কিউআরে যুক্ত হলে তাদের মুনাফার একটি অংশ মাশুল হিসেবে গুনতে হচ্ছে।

মুনাফার মার্জিন কম হওয়ায় সবার জন্য এই একদর কাঠামো খুচরা বিক্রেতাদের নিরুৎসাহিত করছে। এর পাশাপাশি রয়েছে জটিল অনবোর্ডিং প্রক্রিয়া। রিটেইল বা খুচরা বিক্রেতাদের হিসাব খোলার প্রক্রিয়া এখনো পুরোপুরি ডিজিটাল হয়নি। ট্রেড লাইসেন্স বা অন্যান্য নথিপত্রের জটিলতায় অনেক প্রান্তিক বিক্রেতা চাইলেও এই সেবায় যুক্ত হতে পারছেন না।
উদ্যোক্তা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহও এই ধীরগতির অন্যতম কারণ। একজন বিক্রেতাকে কিউআর লেনদেনে প্রস্তুত করতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে ৫০০ টাকা খরচ হয়। কিন্তু এর বিপরীতে কোনো সরকারি প্রণোদনা না থাকায় ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে কিউআর কোড স্থাপনে খুব একটা তৎপরতা দেখাচ্ছে না।
এছাড়া প্রযুক্তিগত ত্রুটিও একটি বড় বাধা। বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি হলেও অনেক গ্রাহক এখনো তাদের অ্যাপ হালনাগাদ করেননি। নেটওয়ার্ক সমস্যা ও কিউআর কোডে ত্রুটির কারণেও লেনদেন মসৃণ হচ্ছে না। অন্যদিকে, এমএফএসগুলোকে তাদের নিজস্ব অ্যাপ পরিবর্তন করে বাংলা কিউআর যুক্ত করতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে, যার রিটার্ন এখনো দৃশ্যমান নয়।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সেবার প্রসারের শুরুতে ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে জানিয়েছেন, তারা বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী মনে করেন, দুর্নীতি রোধ ও সরকারের রাজস্ব বাড়াতে ডিজিটাল লেনদেন বৃদ্ধির বিকল্প নেই। তবে তিনি সতর্ক করে বলেন, অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগোতে হবে এবং এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শুরুতেই সেবাটি বাধাগ্রস্ত হয়।
প্রযুক্তিগত প্রস্তুতি ও খুচরা বিক্রেতাদের জন্য বাস্তবসম্মত মাশুল কাঠামো নির্ধারণ ছাড়া কেবল নির্দেশনার ওপর ভর করে ‘ক্যাশলেস’ সমাজ গড়া সম্ভব নয়। খাতভিত্তিক মাশুল নির্ধারণ ও প্রণোদনা নিশ্চিত করা না গেলে বাংলা কিউআরের এই উদ্যোগ হয়তো কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ থেকে যাবে।
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ১৫ জুলাই ২০২৬



