বাংলাদেশ

স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এজন্য পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে বলেন তিনি।

বুধবার (১৬ ডিসেম্বর) ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবন থেকে ধারণকৃত ভিডিও ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলেই দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।

করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবিলা করে যাচ্ছে।

করোনা মহামারী হতে বাঁচতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button